যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নির্ধারিত নীতি বৈঠকের সংখ্যা হ্রাস করার কথা ভাবছেন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ। শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে সুদহার নির্ধারণকারী ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) এক বৈঠকে ওয়ার্শ এই বৈঠকের সংখ্যা পরিবর্তনের ধারণা পেশ করেন। তবে ফেডের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বর্তমান নিয়ম অনুযায়ী, ফেডের নীতিনির্ধারকেরা বছরে আটবার দুই দিনব্যাপী বৈঠকে মিলিত হন এবং তারপরই তাঁদের নীতিগত সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। বৈঠকের এই সংখ্যা কমানো হলে তা আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের জন্য একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করবে। এমন সময় এই প্রস্তাব আসল যখন বিনিয়োগকারীরা ওয়ার্শের সুদের হার সম্পর্কিত বাজারের প্রত্যাশা সীমিত করার প্রচেষ্টার তীব্র সমালোচনা করছেন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর হতে ফেডের ওপর চাপ বাড়ছে।
বুধবার ফেড নীতিমির্ধারকরা ৯-৩ ভোটে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত আগেভাগেই প্রত্যাশিত ছিল, কিন্তু ওয়ার্শ যখন এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে অস্বীকৃতি জানান এবং মূল্যস্ফীতি না কমলে সুদ বাড়াতে তিনি সমর্থন দেবেন কি না তাও স্পষ্ট না করলে বিনিয়োগকারীরা তীব্র প্রতিক্রিয়া দেখান। গত মে মাসে ফেডের দায়িত্ব গ্রহণকারী ওয়ার্শ ইঙ্গিত দিয়েছেন যে তিনি আরও কিছু পরিবর্তন আনতে চান, যার মধ্যে নীতিগত সিদ্ধান্তের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনের সংখ্যাও কমানো হতে পারে। এছাড়াও, তিনি পাঁচটি টাস্ক ফোর্স গঠন করেছেন, যা যোগাযোগ, তথ্য বিশ্লেষণ ও ফেডের ব্যালান্স শিটের মতো ক্ষেত্রে মুদ্রা নীতি পরিচালনার পদ্ধতিতে সম্ভাব্য পরিবর্তনগুলো পরীক্ষা করে দেখবে।
এপ্রিল মাসে সিনেটের নিশ্চিতকরণ শুনানি চলাকালে ওয়ার্শকে প্রশ্ন করা হয়েছিল, তিনি প্রতি আট সপ্তাহে অন্তত একটি এফএফএমসি বৈঠক আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কিনা। উত্তরে তিনি বলেছিলেন, 'আমি মনে করি আইন অনুসারে ন্যূনতম চারটি বৈঠক প্রয়োজন, তবে চারটি যথেষ্ট নয়। তাই তার চেয়ে বেশি বৈঠক করাই যথাযথ। কিন্তু আমি ২০২৭ ও তার পরবর্তী সময়ের জন্য বৈঠকের সময়সূচী নিয়ে এখনো কোনো পর্যালোচনা শুরুই করিনি।' ফেড ইতিমধ্যে ২০২৬ সালের বাকি সময়ের জন্য—সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর—এবং ২০২৭ সালের বৈঠকের সময়সূচী ঠিক করে রেখেছে। ফেডের ওয়েবসাইটে থাকা একটি দাবিত্যাগ অনুযায়ী, 'প্রতিটি বৈঠকের তারিখের তাৎক্ষণিক আগের বৈঠকে নিশ্চিত না হওয়া পর্যন্ত তা অনুমাননির্ভর'। এই দাবিত্যাগ ওয়ার্শের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার আগে থেকেই বিদ্যমান।
এফএমসির পদ্ধতিগত নিয়ম অনুযায়ী, ওয়াশিংটনে বছরে কমপক্ষে চারটি বৈঠক অবশ্যই অনুষ্ঠিত হয়, প্রয়োজনে আরও বেশি হতে পারে। নিয়মে উল্লেখ আছে, 'বোর্ডের চেয়ারম্যানের আহ্বানে বা কমিটির যেকোনো তিন সদস্যের অনুরোধে বৈঠক অনুষ্ঠিত হয়।' ফেড অতীতে অর্থনৈতিক বা বাজারে অস্থিরতার সময়, যেমন ২০২০ সালে কোভিড মহামারির শুরুতে, অনির্ধারিত বৈঠকও ডেকেছিল। ফেডের সুদ নির্ধারণী কমিটির ১২ সদস্যের মধ্যে রয়েছেন ওয়াশিংটনের বোর্ড অফ গভর্নরসের সাত কর্মকর্তা, যার মধ্যে ওয়ার্শ নিজেও আছেন; নিউ ইয়র্ক ফেডের প্রেসিডেন্ট, যিনি এফএওমসির ভাইস চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন; এবং ফেডের ১২টি আঞ্চলিক ব্যাংকের প্রেসিডেন্টদের মধ্য থেকে চারজন, যারা প্রতি বছর পর্যায়ক্রমে ভোটদাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।




