নতুন পাসওয়ার্ডনির্ভর নিরাপত্তা ব্যবস্থা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এই উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের সুরক্ষা আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে প্রচলিত ছয় অঙ্কের পিনভিত্তিক টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) ব্যবস্থার পাশাপাশি এখন সংখ্যা ও ইংরেজি বর্ণের সমন্বয়ে তৈরি পাসওয়ার্ড ব্যবহারের সুযোগ মিলবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএ বেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এই সুবিধা এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি বেটা সংস্করণের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হতে পারে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে দুই স্তরের শনাক্তকরণ সুবিধা চালু করতে একটি নির্দিষ্ট ছয় অঙ্কের পিন ব্যবহার করতে হয়। নতুন পদ্ধতিতে ব্যবহারকারীরা নিজের পছন্দমতো একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে অ্যাকাউন্টে যুক্ত করতে পারবেন। ফলে অননুমোদিত ব্যক্তিদের পক্ষে অ্যাকাউন্টে প্রবেশ করা আরও কঠিন হবে। তবে এই নতুন সুবিধা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না; ব্যবহারকারীদের নিজেদের ইচ্ছায় এটি সক্রিয় করতে হবে।
ডব্লিউএ বেটা ইনফোর তথ্য অনুসারে, নতুন পাসওয়ার্ড সুবিধা চালু হলেও বিদ্যমান টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা কার্যকর থাকবে। যাঁরা বর্তমানে এই সুবিধা ব্যবহার করছেন, তাঁদের জন্য কোনো পরিবর্তন আসবে না। একইভাবে যাঁরা এখনো ২এফএ চালু করেননি, তাঁদের জন্যও আগের মতোই ব্যবস্থা বহাল থাকবে।
বর্তমানে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি বিভিন্ন দেশে অর্থ লেনদেন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। ফলে অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে এই পাসওয়ার্ডভিত্তিক সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অনেক ব্যবহারকারী বর্তমানে স্ক্রিন লক বা অ্যাপ লকের মাধ্যমে নিজেদের চ্যাট সুরক্ষিত রাখেন। নতুন এই পাসওয়ার্ড ব্যবস্থা যুক্ত হলে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টের নিরাপত্তা আরও মজবুত হবে। সূত্র: টেক২ ডটকম।




