যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যের রাজধানী শাইয়েনের পানি উপযোগিতা বোর্ড (বিওপিইউ) জানিয়েছে, প্রযুক্তি জায়ান্ট মেটার নির্মাণাধীন ৭ লাখ ১৫ হাজার বর্গফুটের ডেটা সেন্টার ক্যাম্পাসের কাজ শহরের পুনর্ব্যবহৃত পানি ব্যবস্থার একটি অংশে দূষণের জন্য দায়ী। সম্প্রতি বোর্ডের প্রকাশিত নোটিশ অনুযায়ী, চলতি বছরের শুরুর দিকে তাদের পয়ঃশোধনাগারে একটি ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ে। তদন্তে দেখা যায়, এর উৎস মেটার ঠিকাদার গোট সিস্টেমস এলএলসি।
সৌভাগ্যক্রমে, ব্যাকটেরিয়াটি শাইয়েনের পানীয় জল সরবরাহে প্রবেশ করেনি; এটি শুধুমাত্র সেচকাজে ব্যবহৃত পুনর্ব্যবহৃত পানির ব্যবস্থায় পাওয়া গেছে। কাপরিয়াভিডাস গিলার্ডি নামের এই জীবাণুটি প্রাকৃতিকভাবেই পানি ও মাটিতে বিরলভাবে দেখা যায়। বিওপিইউ জানিয়েছে, এই ব্যাকটেরিয়ার সংক্রমণ অত্যন্ত বিরল হলেও, সরাসরি সংস্পর্শে এলে বয়স্ক ব্যক্তি ও দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্নদের জন্য তা হুমকি হতে পারে। ফেব্রুয়ারি মাসে নিয়মিত পরীক্ষার সময় এটি শনাক্ত করার পর বোর্ড শহরের পুনরুদ্ধারকৃত পানি সেচ কর্মসূচি সাময়িক স্থগিত করে এবং মেটার বর্জ্য নিষ্কাশনের অনুমতি রদ করে।
গত সপ্তাহে বোর্ড আরও ঘোষণা করে যে, এটি এখন থেকে ডেটা সেন্টারগুলোতে বহুল ব্যবহৃত ফিল-অ্যান্ড-ফ্লাশ পদ্ধতি (যেখানে নির্মাণের ধ্বংসাবশেষ সরাতে বিশুদ্ধ পানি চক্রাকারে প্রবাহিত ও ফ্লাশ করা হয়) এবং পানির সঙ্গে শীতলীকরণ তরল মিশ্রিত ক্লোজড-লুপ কুলিং সিস্টেম সংশ্লিষ্ট শিল্প বর্জ্য পানি গ্রহণ করবে না। বোর্ড এই ঘটনাকে ফেডারেল প্রি-ট্রিটমেন্ট বিধিমালার 'গুরুতর লঙ্ঘন' হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। এক নোটিশে বলা হয়েছে, "গত দুই মাস ধরে বিওপিইউ কর্মীরা উল্লেখযোগ্য প্রতিকারমূলক কাজ চালিয়েছেন, যার মধ্যে রয়েছে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য পানি ব্যবস্থা ও প্রেইরি ভিউ পুকুর নিষ্কাশন ও জীবাণুমুক্তকরণ, যাতে কোনো অবশিষ্ট ব্যাকটেরিয়ার উপস্থিতি নির্মূল হয়।"
ফরচুন ম্যাগাজিনের মন্তব্যের অনুরোধে শাইয়েনের বিওপিইউ সরাসরি জবাব দেয়নি, তবে জানিয়েছে যে আগামী সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে এক সংবাদ সম্মেলন করবে। অন্যদিকে, মেটার একজন মুখপাত্র ফরচুনকে বলেন, তাদের জেনারেল ঠিকাদার ফর্টিস এই সমস্যা সমাধানে কাজ করছে এবং একটি তৃতীয় পক্ষের পরিবেশ বিশেষজ্ঞের মাধ্যমে নিজেদের পানির স্বতন্ত্র পরীক্ষা করিয়েছে, যেখানে ব্যাকটেরিয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। মুখপাত্র এক বিবৃতিতে বলেন, "শহরের বর্জ্য পানিতে—যা জনসাধারণের পানীয় জল নয়—একটি উপাদানের সন্ধান পাওয়ার কথা বোর্ড জানানোর পর ফর্টিস তাৎক্ষণিকভাবে শিল্প বর্জ্য পানি নিষ্কাশন বন্ধ করে এবং তা বাইরে সরিয়ে নেওয়া শুরু করে।"
ডেটা সেন্টার নির্মাণ ও পরিচালনার ফলে সৃষ্ট দূষণ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিকাঠামোর বিস্ফোরক প্রবৃদ্ধির মধ্যে সাধারণ নাগরিকদের উদ্বেগ ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক এক গ্যালাপ জরিপে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ আমেরিকান তাদের স্থানীয় এলাকায় ডেটা সেন্টার নির্মাণের ব্যাপারে কিছুটা বা তীব্রভাবে বিরোধিতা করেন। অর্ধেক উত্তরদাতা অতিরিক্ত পানি ব্যবহার ও বন নিধনের মতো পরিবেশগত উদ্বেগের কথা বললেও, ১৬ শতাংশ বায়ু ও পানি দূষণের মতো বিষয়কে বিরোধিতার কারণ হিসেবে উল্লেখ করেছেন।
মেটা ২০২৪ সালের জুলাইয়ে শাইয়েন ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছিল, যা হবে যুক্তরাষ্ট্রে তাদের ২১তম এবং বিশ্বব্যাপী ২৫তম কেন্দ্র। কোম্পানিটি তখন জানায়, ৮০০ মিলিয়ন ডলারের এই বিনিয়োগ নির্মাণের শীর্ষ সময়ে হাজারের বেশি অস্থায়ী কর্মসংস্থান এবং শেষ হলে প্রায় ১০০ স্থায়ী চাকরি সৃষ্টি করবে। প্রকল্পটি শাইয়েনের ২৭টি এবং ওয়াইওমিংয়ের ৩১টি ডেটা সেন্টারের একটি। উল্লেখ্য, নর্দার্ন ভার্জিনিয়ায় দেশের সর্বোচ্চ প্রায় ৫৫০টি ডেটা সেন্টার রয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানটি পূর্বে স্থানীয় জ্বালানি গ্রিড ও পানি পরিশোধন প্রচেষ্টায় সম্পদ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছিল এবং ক্রো ক্রিক পুনরুদ্ধারে কাজ করার কথাও বলেছিল। কোম্পানির পূর্ববর্তী ঘোষণায় বলা হয়েছিল, "মেটা শাইয়েনের মতো কমিউনিটিতে ইতিবাচক অবদানকারী হতে চায়, এবং এর মধ্যে রয়েছে জ্বালানি গ্রিডে বিনিয়োগ ও স্থানীয় পানি পুনরুদ্ধার প্রকল্পে সহায়তা।"




