জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় বাংলাদেশের শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সায়েন্স বিষয়ে বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছে। গতকাল জাইকা বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। 'জিসিআই ওয়ার্ল্ড' শীর্ষক এই প্রশিক্ষণটি চৌদ্দ সপ্তাহ ধরে পরিচালিত হয়। এ বছর বিশ্বের ১১৪টি দেশের ২৫ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়, যার মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ৮০০ জন ছিলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও টোকিও বিশ্ববিদ্যালয়ের মাৎসুও-ইওয়াসাওয়া ল্যাবরেটরি (মাৎসুও ল্যাব) যৌথভাবে এই প্রোগ্রাম পরিচালনা করে।
গত বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থী, গবেষক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। সেখানে বিশ্বব্যাপী ১৭ জন অসাধারণ শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়, যাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। নির্বাচিত এই শিক্ষার্থী আগস্ট মাসে টোকিও বিশ্ববিদ্যালয়ের মাৎসুও ল্যাব পরিদর্শনের সুযোগ পাবেন। জিসিআই ওয়ার্ল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল হ্যাকাথন, যেখানে অংশগ্রহণকারীরা এআই প্রযুক্তি ব্যবহার করে নানা সমস্যার সমাধান তৈরি করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতি, ব্যবসায়িক ও সামাজিক সমস্যা সমাধানে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের বিস্তারিত হাতে-কলমে শেখানো হয়। জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মোরিকাওয়া ইউকো এ প্রসঙ্গে বলেন, "এআই শিক্ষাকে যদি উদ্যোক্তা উন্নয়ন, গবেষণা ও শিল্পের সঙ্গে সংযুক্ত করা যায়, তাহলে বাংলাদেশ নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবে এবং বিশ্বকে নতুন উদ্ভাবন উপহার দিতে সক্ষম হবে।"
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিসিআই ওয়ার্ল্ডের মতো বিশ্বব্যাপী স্বীকৃত একাডেমিক প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ দেশের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জাইকা, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও টোকিও বিশ্ববিদ্যালয়ের মাৎসুও ল্যাবের এই যৌথ উদ্যোগ ভবিষ্যতে আরও শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




