আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর উগ্রবাদী সংগঠন ফাতাহ কমব্যাটের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন। দুই দফায় মোট ছয় দিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে হাজির করা হলে যাত্রাবাড়ী থানার পুলিশ ও মামলার তদন্ত কর্মকর্তা এবি সিদ্দিক তাঁদের কারাগারে প্রেরণের আবেদন জানান। থানার প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ৫ জুলাই ভোররাতে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে সাবির ও তানিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে প্রথমে তিন দিন এবং পরে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এই মামলায় পূর্বে একই অভিযোগে জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিত নামে চারজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে, ৯ জুলাই যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ফাতাহ কমব্যাট সিস্টেম-এফসিএস-এর সক্রিয় সদস্য সন্দেহে তাহসীন ইসলাম নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত তাঁকেও কারাগারে প্রেরণের আদেশ দেন।