সম্প্রতি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের ফরেস্ট বিচ সৈকতে কয়েকটি ধাতব বলের সন্ধান মিলেছে। স্থানীয় কর্তৃপক্ষ প্রথমে বস্তুগুলোকে রহস্যময় উল্লেখ করলেও পরে অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি (এএসএ) জানিয়েছে, এগুলো আসলে মহাকাশযানের ধ্বংসাবশেষ। সংস্থাটির কর্মকর্তারা জানান, উদ্ধার করা বস্তুগুলো একটি মহাকাশ উৎক্ষেপণ যানের প্রেশার ভেসেল বলে ধারণা করা হচ্ছে। জনপ্রিয় কমেডি চলচ্চিত্র ‘স্পেসবলস’-এর সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করা হয়েছে।

এএসএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গত রোববার এ তথ্য জানায়। পোস্টে বলা হয়, ধাতব গোলকগুলো কুইন্সল্যান্ডের ফরেস্ট বিচ এলাকায় পাওয়া গেছে। সংস্থাটি পরে নিশ্চিত করে যে এগুলো সম্প্রতি পৃথিবীর কক্ষপথ থেকে বায়ুমণ্ডলে ফিরে আসা একটি রকেটের অংশ। কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কর্মীরা সৈকতের একটি অংশ ঘিরে ফেলে এবং বস্তুগুলো উদ্ধারে সহায়তা করে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এগুলো জনসাধারণের জন্য ক্ষতিকর নয়।

গত পাঁচ বছরে অস্ট্রেলিয়ায় এটি তৃতীয়বারের মতো মহাকাশযানের ধ্বংসাবশেষ পাওয়া গেল। এর আগে ২০২৩ সালে পশ্চিম উপকূলে একটি ধাতব বস্তু ভেসে এসেছিল। সংস্থাটির তথ্য অনুযায়ী, মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা বেশিরভাগ বস্তুর অবতরণের স্থান নির্ধারিত থাকে এবং সেগুলো সাধারণত জনবিরল এলাকা বা সমুদ্রে ফেলা হয়। তবে কিছু বস্তু নিয়ন্ত্রণহীনভাবে বায়ুমণ্ডলে প্রবেশ করে টিকে যেতে পারে, ফলে তাদের অবস্থান আগাম জানা সম্ভব হয় না। অস্ট্রেলিয়া সরকার এমন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।

বর্তমানে এএসএ আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে ধ্বংসাবশেষগুলোর উৎস ও মালিকানা শনাক্ত করার চেষ্টা করছে। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করে সংস্থাটি জানিয়েছে, যদি কেউ কোনো সন্দেহজনক বস্তু দেখে, তবে তা স্পর্শ বা সরানোর চেষ্টা না করে দ্রুত জরুরি সেবায় খবর দিতে হবে। কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বস্তুকে বিপজ্জনক মনে করতে বলা হয়েছে।