যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের রক ক্রিক এলাকায় ভয়াবহ দাবানল মোকাবিলায় দিনরাত পরিশ্রম করছিলেন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের উত্তাপ আর ক্লান্তির মধ্যেই এক অপ্রত্যাশিত সঙ্গী তাদের মনে আনন্দ এনে দিয়েছে। একটি ছাগল দীর্ঘ সময় ধরে অগ্নিনির্বাপকদের পিছু পিছু ঘুরে বেড়িয়েছে এবং তাদের কাজের ফাঁকে হাসি-আনন্দের পরিবেশ তৈরি করেছে।

গোল্ডেন ওরিও—এই নামেই পরিচিত ছাগলটি, তবে সবার কাছে সে গোল্ডি নামেই বেশি পরিচিত। নাইজেরিয়ান ডোয়ার্ফ জাতের চার বছর বয়সী বাদামি-সাদা রঙের এ প্রাণীটি দাবানল নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে বেশ মিশে যায়। কখনো সে তাদের সামনে এগিয়ে যেত, কখনো ট্রাকের পিছু নিত। এমনকি আগুন বাড়িয়ে দিতে পারে, এমন ঝোপঝাড়ের পাতা খেয়ে অগ্নিনির্বাপণেও অপ্রত্যক্ষভাবে সাহায্য করেছে।

কলোরাডো স্প্রিংস ফায়ার ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট ট্রেভর লেল্যান্ড জানান, গোল্ডি কর্মীদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেছে। ট্রাক ছাড়ার পরও কিছু দূর সে পেছনে দৌড়ে গিয়েছিল। লেল্যান্ডের ভাষ্যমতে, ‘সরাসরি আগুন নেভানোতে তার ভূমিকা খুবই সামান্য ছিল, কিন্তু আমাদের উপস্থিতিতে নির্ভয়ে পাশে থাকার বিষয়টি ছিল অসাধারণ।’

গোল্ডির মালিক লিন্ডসি গ্লেডার বলেন, তাঁর ছাগলটি মানুষের সঙ্গে সহজেই বন্ধুত্ব করে ফেলে। ফায়ার সার্ভিসের কর্মীরা কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছিলেন, গোল্ডি হয়তো মনে করেছিল তাদের মানসিক সমর্থন প্রয়োজন। এ কারণেই সে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। গ্লেডার আরও বলেন, কঠিন কাজের ফাঁকে গোল্ডি কিছুটা হাসি ও স্বস্তি এনে দিয়েছে, যা যারা জীবন ও সম্পদ রক্ষায় কাজ করছেন তাদের জন্য কম গুরুত্বপূর্ণ নয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে চলমান তীব্র গরম, কম তুষারপাত ও অনিয়মিত বাতাসের কারণে এ মৌসুমে একের পর এক দাবানলের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীদের ব্যস্ত থাকতে হচ্ছে। গোল্ডির মতো সহযোগী প্রাণীর উপস্থিতি তাদের কঠিন সময়ে কিছুটা হলেও প্রশান্তি দিয়েছে।