ঢাকার নবাবগঞ্জে ২৪ বছর আগে সংঘটিত একটি দলবদ্ধ ধর্ষণ মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। রায়ে সাজাপ্রাপ্তরা হলেন সুজন, জুলহাস ও মোহাম্মদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম জানিয়েছেন, প্রত্যেক আসামির বিরুদ্ধে এক লাখ টাকা করে জরিমানাও আরোপ করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত নির্দেশ দিয়েছেন, দণ্ডিতদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থ থেকে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী নারী বা তার পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
রায় ঘোষণার সময় আসামি সুজন ও মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানা তৈরি করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে অপর আসামি জুলহাস পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার এজাহার থেকে জানা যায়, ঘটনাটি ঘটে ২০০২ সালের ২২ মার্চ রাতে। ওই রাতে তরুণীটি দলবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১৮ জুলাই নবাবগঞ্জ থানা পুলিশ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তীতে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। এই মামলায় মোট সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ ২৪ বছর পর অবশেষে এই রায় ঘোষণা করলেন আদালত।




