সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরি ও ব্যবস্থাপনার কাজটি আরও সহজ করতে নতুন একটি অ্যাপ চালু করেছে ফেসবুক। 'ক্রিয়েটর স্টুডিও' নামের এই অ্যাপটি তৈরি করা হয়েছে মূলত কনটেন্ট নির্মাতাদের কথা মাথায় রেখে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি ব্যবহার করে অ্যাপটি কনটেন্টের নানা দিক বিশ্লেষণ করে ব্যবহারকারীকে দিকনির্দেশনা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরাই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাপটির মূল বৈশিষ্ট্য হলো 'ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট' নামে একটি এআই-চালিত সহকারী। এই সহকারী ব্যবহারকারীর আগের পোস্টগুলোর কার্যকারিতা, দর্শকদের সম্পৃক্ততার মাত্রা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা বিশ্লেষণ করে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেবে।
সাধারণত কনটেন্ট নির্মাতাদের নিজেদের পোস্ট কেমন পারফর্ম করছে তা বোঝার জন্য নানা রকম তথ্যচিত্র ও ড্যাশবোর্ডের ওপর নির্ভর করতে হয়। নতুন এই অ্যাপটি সেই জটিল প্রক্রিয়াটিকে অনেকটাই সহজ করে দেবে। ফলে কনটেন্ট তৈরির ধারণা পাওয়ার পাশাপাশি চ্যাটজিপিটির মতো তৃতীয় পক্ষের কোনো টুল ব্যবহার না করেই অ্যাপের ভেতরে সব বিশ্লেষণ করা যাবে।
মন্তব্য ব্যবস্থাপনায়ও এআই প্রযুক্তির সহায়তা নেওয়া হয়েছে অ্যাপটিতে। দর্শকদের করা গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে দেখাবে টুলটি। এমনকি নির্মাতার লেখার ধরন অনুসরণ করে স্বয়ংক্রিয়ভাবে সম্ভাব্য উত্তরও তৈরি করে দেবে এটি। অ্যাপটি প্রতিদিন ব্যবহার করলে নির্মাতারা একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন, যেখানে দিনের গুরুত্বপূর্ণ কাজগুলোর তালিকা থাকবে। যেমন— সর্বশেষ পোস্টের কার্যকারিতা পর্যালোচনা করা, লক্ষ্য অর্জনে কতটুকু অগ্রগতি হয়েছে তা যাচাই করা, এবং কোন মন্তব্যগুলোর জবাব দেওয়া প্রয়োজন সেগুলো সহজেই চেনা যাবে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেক ক্র্যান্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।




