মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের মাধ্যমিক স্তরে গণিত শিক্ষার গুণগত মান উন্নত করতে একটি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রথম ধাপে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, চাঁদপুর, কুমিল্লা ও পঞ্চগড়—এই সাত জেলার নির্বাচিত ১০০টি মাধ্যমিক বিদ্যালয়ে খান একাডেমি বাংলাদেশ নামক সংস্থাকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দেবে সাজেদা ফাউন্ডেশন।

প্রকল্পটির মেয়াদ এক বছর, যা ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের গণিতে দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষকদের কার্যকারিতা বাড়ানোই এর মূল লক্ষ্য। মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখা থেকে জারি করা বিজ্ঞপ্তিতে প্রকল্প বাস্তবায়নের নানা শর্ত উল্লেখ করা হয়েছে।

শর্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পরিচালনার সময় জাতীয় ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কোনো কার্যক্রম গ্রহণযোগ্য হবে না। নিয়মিত শ্রেণি কার্যক্রম ও পাঠদান যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও নিশ্চিত হতে হবে। জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতায় বিদ্যালয় নির্বাচন করতে হবে এবং চূড়ান্ত অনুমোদন নিতে হবে মাউশির। প্রকল্পের মেয়াদ, পরিধি বা কার্যক্রমে কোনো রকম পরিবর্তন আনতে হলে আগে থেকে মাউশির অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

প্রকল্পটির নিয়মিত তদারকির দায়িত্ব পালন করবেন উপজেলা, জেলা ও আঞ্চলিক শিক্ষা অফিসের কর্মকর্তারা। তদারকি কার্যক্রমের পুরো খরচ বহন করবে সাজেদা ফাউন্ডেশন। পাশাপাশি প্রতি তিন মাস অন্তর ও বার্ষিক অগ্রগতি প্রতিবেদন মাউশি অধিদপ্তরে জমা দিতে হবে বাস্তবায়নকারী সংস্থাকে।

এ ছাড়া মাউশি কর্তৃপক্ষ ইচ্ছা করলে যেকোনো সময় এই প্রকল্প বাতিলের অধিকার রাখে। প্রকল্প চলাকালে সরকারের দেওয়া স্বাস্থ্য ও সুরক্ষা বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতেও বলা হয়েছে।