ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর সাতটি সরকারি কলেজ কেন্দ্রে বেলা তিনটায় একযোগে এই পরীক্ষা শুরু হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে মোট ১১ হাজার ২৯০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬১ হাজার ৩০১টি। কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রমের সূচনা হচ্ছে।
ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর তালিকায় রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।
অন্যদিকে, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা বেলা ৩টায় শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, সকলকে যথাসময়ে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলতে হবে।




