চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি বাংলাদেশের বাজারে তাদের সর্বশেষ স্মার্টফোন ‘রেডমি ১৭’ মডেলটি চালু করেছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ধারণক্ষমতার ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে টানা দুই দিনের বেশি ব্যবহার করা যায়। এছাড়াও, টার্বো চার্জিং প্রযুক্তি থাকায় মাত্র ৪৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব, যা ব্যবহারকারীদের জন্য ব্যাটারি শেষ হওয়ার চিন্তা অনেকটাই কমিয়ে দেয়।

‘রেডমি ১৭’-এর পর্দার আকার ৬.৯ ইঞ্চি এবং এটি শাওমির হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেমে চলে। ফোনটির প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেটের পর্দায় গেম খেলা ও ভিডিও দেখার জন্য স্বচ্ছন্দ অভিজ্ঞতা দেয়। পর্দায় কর্নিং গরিলা গ্লাস ব্যবহারের কারণে এটি দাগহীন ও ভাঙনপ্রতিরোধী। ফোনটিতে আইপি৬৪ প্রযুক্তি থাকায় পানি ও ধুলা প্রতিরোধী, ফলে ভিজে গেলেও ক্ষতি হয় না এবং ধুলাও জমে না।

ক্যামেরা বিভাগে ফোনটির পেছনে দুটি ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা রয়েছে, যা কম আলোতেও ভালো মানের ছবি তুলতে সক্ষম। তিনটি ভিন্ন রঙে বাজারে আসা এই ফোনটিতে র‍্যামের ক্ষেত্রে দুইটি সংস্করণ পাওয়া যাবে—৪ ও ৬ গিগাবাইট। দ্রুতগতির র‍্যাম ও শক্তিশালী প্রসেসরের কারণে একসঙ্গে একাধিক কাজ সহজে ও দ্রুত সম্পন্ন করা যায়। ফোনটির অভ্যন্তরীণ স্টোরেজ ১২৮ গিগাবাইট, যা ব্যবহারকারীদের জন্য যথেষ্ট স্থান প্রদান করে।

দামের দিক থেকে, ৪ গিগাবাইট র‍্যামের সংস্করণটির দাম ২২ হাজার ৯৯৯ টাকা, আর ৬ গিগাবাইট র‍্যামের সংস্করণটির দাম ২৪ হাজার ৯৯৯ টাকা। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, দীর্ঘস্থায়ী ব্যাটারি, কর্নিং গরিলা গ্লাস ও ফাস্ট চার্জিংয়ের মতো টেকসই সুবিধার সমন্বয়ে তৈরি করা হয়েছে রেডমি ১৭। তিনি আশাবাদী, এই মডেলটি নতুন প্রজন্মের ব্যবহারকারীদের কাছে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য স্মার্টফোন হিসেবে পরিচিতি লাভ করবে।