গ্রুপ চ্যাটের অভিজ্ঞতা আরও উন্নত করতে একাধিক নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এসব সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা দলগত সিদ্ধান্ত গ্রহণ, অনুষ্ঠান আয়োজন এবং জরুরি তথ্য দ্রুত সবার কাছে পৌঁছে দিতে পারবেন। ধাপে ধাপে এসব ফিচার চালু করা হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা পর্যায়ক্রমে এসব ফিচার ব্যবহার করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

গ্রুপ পোলের জন্য তিনটি গুরুত্বপূর্ণ নতুন ফিচার যুক্ত করা হয়েছে। প্রথমত, ভোট গ্রহণের জন্য সময়সীমা নির্ধারণের সুবিধা চালু হবে। এর ফলে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট শেষ করতে বাধ্য হবেন সদস্যরা। দ্বিতীয়ত, গোপন ভোটের ব্যবস্থা চালু হচ্ছে, যেখানে কোনো সদস্য কোন অপশনে ভোট দিয়েছেন তা অন্যরা দেখতে পাবেন না। এটি ব্যবহারকারীদের আরও স্বাচ্ছন্দ্যে নিজেদের মতামত জানানোর সুযোগ করে দেবে। তৃতীয়ত, ভোট প্রকাশের পর ১৫ মিনিট পর্যন্ত প্রশ্ন সম্পাদনার সুযোগ থাকবে। এ সময়ের মধ্যে বানান বা তথ্যগত ভুল সংশোধনের পাশাপাশি প্রশ্ন আরও স্পষ্ট করে লেখা যাবে। ফলে ছোটখাটো ভুলের কারণে নতুন করে ভোট তৈরি করতে হবে না।

গ্রুপে একসঙ্গে সব সদস্যকে মেনশন করার সুবিধাও চালু হচ্ছে। নতুন হালনাগাদে @অল ব্যবহার করে একবারেই সব সদস্যকে মেনশন করা যাবে। পাশাপাশি আগের মতো নির্দিষ্ট সদস্যকেও আলাদাভাবে মেনশন করার সুযোগ থাকবে। হোয়াটসঅ্যাপের তথ্যমতে, সময়সূচির পরিবর্তন, শিক্ষাপ্রতিষ্ঠানের জরুরি ঘোষণা, কোনো অনুষ্ঠানের স্মরণ করিয়ে দেওয়া বা অফিস বন্ধের মতো গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত জানাতে এ সুবিধা কার্যকর হবে। তবে শুরুতে ৩২ জনের বেশি সদস্য থাকা বড় গ্রুপের প্রশাসকেরা @অল মেনশন ব্যবহার করতে পারবেন। গ্রুপ মিউট রাখা থাকলেও সদস্যদের কাছে এ ধরনের নোটিফিকেশন পৌঁছাবে। তবে চাইলে নোটিফিকেশন সেটিংস থেকে @অল-সংক্রান্ত সতর্কবার্তা বন্ধ রাখা যাবে।

বিদ্যমান গ্রুপ থেকে নতুন গ্রুপ তৈরির সুবিধাও চালু হচ্ছে। নতুন হালনাগাদে বিদ্যমান গ্রুপ থেকেই নতুন গ্রুপ তৈরি করা যাবে, যার জন্য সদস্যদের আবার নতুন করে নির্বাচন করতে হবে না। একই সদস্যদের নিয়ে ভিন্ন বিষয়ে আলাদা আলোচনা চালানোর ক্ষেত্রে এ সুবিধা কাজে লাগবে। যেমন কোনো অনুষ্ঠান আয়োজন, সারপ্রাইজ পার্টির পরিকল্পনা, প্রকল্পভিত্তিক আলোচনা বা নির্দিষ্ট কাজের জন্য আলাদা গ্রুপ তৈরি করা আরও সহজ হবে। সূত্র: টেকলুসিভ।