রাজধানীর আদালত সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ ওই আবেদনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৬ আগস্ট তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মো. মাসুদুর রহমান আখতারুজ্জামানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে ওই দিন মামলার মূল নথি আদালতে উপস্থিত না থাকায় তাকে কারাগারে পাঠানো হয় এবং রিমান্ড শুনানির জন্য আজকের তারিখ নির্ধারণ করা হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলার ঘটনার সঙ্গে আখতারুজ্জামানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের নাম ও ঠিকানা সংগ্রহ করে তাদের গ্রেপ্তার, রাষ্ট্রবিরোধী অবৈধ পরিকল্পনার তথ্য উদঘাটন এবং তার হেফাজতে থাকা অবৈধ ককটেল বোমার উৎস সম্পর্কে বিস্তারিত জানতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুন সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতা-কর্মী মিছিল বের করেন। ওই মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। রাষ্ট্রবিরোধী এসব কর্মকাণ্ডের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন পুলিশ।
পরে ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।




