নারায়ণগঞ্জের বন্দর থানা চত্বরে মাদক মামলায় জড়িত এক আসামি নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে। বুধবার বেলা পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে তাকে হেফাজতে নেয়। ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

পুলিশের হেফাজতে নেওয়া ওই ব্যক্তির নাম মো. রমজান (৪০)। তিনি বন্দর উপজেলার একরামপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২১টি মামলা রয়েছে। তবে তিনি সব মামলায় জামিনে আছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত থেকে জানা যায়, রমজান একটি প্লাস্টিকের বোতলে কেরোসিন নিয়ে থানা চত্বরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি নিজের শরীরে কেরোসিন ঢেলে হাতে থাকা ম্যাচ দিয়ে আগুন ধরানোর চেষ্টা চালান। পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে তাকে আটকে দেন এবং আগুন ধরতে দেননি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন জানান, রমজানকে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে এনে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে। তাঁর ধারণা, মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি নিয়ে সহযোগীদের সঙ্গে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। ওসি আরও বলেন, রমজান থানার সামনে অভিনয়ও করেছেন বলে মনে হচ্ছে। তাকে মাদক মামলায় আদালতে চালান দেওয়া হবে।

ঘটনার পর থানা এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।