রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দশম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। একীভূত হওয়া এক্সিম ব্যাংক টাওয়ারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদসহ পরিচালক মো. খান সুবায়েল বিন রফিক, আসমা আখতার, কে এম জাকারিয়া এবং মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম, গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোকসুদুজ্জামান এবং চলতি দায়িত্বে থাকা কোম্পানি সচিব মো. মনিরুল ইসলামও অংশ নেন।

সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। ব্যাংককে এগিয়ে নেওয়ার লক্ষ্যে করণীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি সভায় বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাবনাও অনুমোদন দেওয়া হয়।