যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের লিংকন শহরে বসবাসকারী ইনমাকুলাডা জ্যাকম্যানের পরিবার এক অবিশ্বাস্য পুনর্মিলনের সাক্ষী হয়েছে। তাদের পোষা কুকুর চং, যে ২০২১ সালে হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল, অবশেষে পাঁচ বছর পর প্রায় ১ হাজার ৩৩ কিলোমিটার দূরে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে খুঁজে পাওয়া গেছে। চংকে উদ্ধার করা হয় পিটসবোরোর ‘লাভস ট্রাকস্টপ’–এর বাইরে থেকে, যেখানে তাকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয় প্রাণী আশ্রয়কেন্দ্র হেনড্রিক্স কাউন্টি অ্যানিমেল শেল্টার এই ঘটনা ফেসবুকে পোস্ট করলে জ্যাকম্যানের এক বন্ধু তা তার নজরে আনেন।

জ্যাকম্যান কেওএলএন-টিভিকে জানান, তিনি হারানোর পর থেকেই কুকুরটির খোঁজ চালিয়ে যাচ্ছিলেন। পরিবারটি পুরোনো এলাকায় গাড়ি চালিয়ে দেখার চেষ্টা করত যে কেউ চংকে হাঁটাচ্ছে কি না বা সে কোথাও দৌড়াদৌড়ি করছে কি না। কিন্তু পাঁচ বছর ধরে কোনো সন্ধান মেলেনি। যখন আশ্রয়কেন্দ্রের খবর পান, তখনই তিনি যোগাযোগ করেন। তবে সেখানে নতুন জটিলতা দেখা দেয়। চং হারানোর পর লিংকনের অপর কেউ তার গায়ে নতুন একটি মাইক্রোচিপ বসিয়েছিল। ফলে আশ্রয়কেন্দ্রকে নিজস্ব নিয়ম ও প্রটোকল মেনে চলতে হয়। ফেসবুকে জ্যাকম্যান লেখেন, ‘অন্য কারও নামে চিপ করা থাকায় তিন দিন ধরে চিপের ফাইলে থাকা নম্বরগুলোয় যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।’

তিন দিনের বাধ্যতামূলক অপেক্ষার পর চংকে নতুন করে দত্তকের জন্য প্রস্তুত করা হয়। এ খবর শুনে জ্যাকম্যান সঙ্গে সঙ্গে ইন্ডিয়ানার উদ্দেশে রওনা হন। তিনি তার অন্য কুকুর ‘চিচ’–কেও নিয়ে যান, যে চংয়ের ভাই। সেখানে পৌঁছে এক অসাধারণ মুহূর্তের সৃষ্টি হয়। আশ্রয়কেন্দ্র থেকে জানানো হয়, ‘চং শুধু তার মালিককেই নয়, নিজের ভাইকেও চিনতে পেরেছে। এখন পুরো একটি পরিবার ভালোবাসায় ভরা হাত বাড়িয়ে তার ফেরার অপেক্ষায় রয়েছে।’ চং কীভাবে এত দূরত্ব অতিক্রম করল তা নিয়ে জ্যাকম্যানের মনে প্রশ্ন থাকলেও, সব চিন্তা ভুলে তিনি কুকুরটিকে ফিরে পেয়ে আবেগে ভাসেন।