ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। অবসরপ্রাপ্ত এক সরকারি বাসচালকের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার গভীর রাতে বীরভূমের মোহাম্মদ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। প্রায় ১১ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ২০ কোটি রুপি ও ১৫ কেজি স্বর্ণের বার উদ্ধার করে সংস্থাটি। নগদ অর্থ গণনার জন্য গণনা যন্ত্রও নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। পরে পাঁচটি ট্রাংকে করে উদ্ধার হওয়া অর্থ ও স্বর্ণ সরিয়ে নেয় ইডি।

যে ব্যক্তির বাড়িতে এই অভিযান চালানো হয়েছে, তার নাম মিনার মন্ডল। তিনি উত্তরবঙ্গ সরকারি বাস পরিবহণ সংস্থা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের একজন বাসচালক ছিলেন, বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন। মিনার মন্ডলের সঙ্গে পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। টুলু মন্ডল আবার বীরভূমের তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর অনুব্রত মন্ডল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দিয়েছিলেন।

ঘটনার পর ইডি মিনার মন্ডল ও তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে পাথর ব্যবসায়ী টুলু মন্ডল বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে। বীরভূম জেলায় অসংখ্য পাথরের খনি রয়েছে। বিজেপির অভিযোগ, এসব খনি থেকে বেআইনিভাবে পাথর উত্তোলন করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তৃণমূলের নেতা-কর্মীরা লুটপাট চালিয়ে আসছিলেন। ইডি এই পাথর খনি সংশ্লিষ্ট অর্থ উদ্ধারেই তল্লাশি অভিযান পরিচালনা করে বলে ধারণা করা হচ্ছে। অভিযান চলাকালে কেন্দ্রীয় বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।