দেশব্যাপী হামের প্রকোপ অব্যাহত রয়েছে। বিগত একদিনে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও আটটি শিশুর। এনিয়ে গত ১৫ মার্চ থেকে শুরু করে দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৭৯ শিশু প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৯৭ জনের এবং উপসর্গ দেখা দিয়েছে ৯৭৪ জনের। মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকায় তিনটি, খুলনায় দুটি, আর সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে একটি করে শিশু মারা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৮৪ শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু। চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ শিশুর শরীরে। আর হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ১০৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৪২ জনে।

অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮১৯ জন। এরমধ্যে চিকিৎসা শেষে ছাড়া পেয়েছে ৯৪ হাজার ২৭৫ জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।