সিলেট নগরের ইসকন মন্দির প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার দুপুরে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি দুবাইয়ের শ্রমবাজার নিয়ে ভুল তথ্যের বিষয়টি খতিয়ে দেখার কথাও বলেন। মন্ত্রীর মতে, দুবাইয়ে ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত আছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টির নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্বের সম্ভাবনাময় শ্রমবাজারগুলোতে বাংলাদেশি জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। চা-শ্রমিকদের জীবনমান সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁদের জন্য মানসম্মত বাসস্থান, চিকিৎসাসেবা ও সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে। চা-শ্রমিকদের নগদ মজুরির পাশাপাশি বাসস্থান, রেশন ও চিকিৎসাসহ নানা সুবিধা দেওয়া হয়। পরিবারের কোনো সদস্য কর্মক্ষম না হলে একই পরিবারের অন্য সদস্যকে চাকরির সুযোগ দেওয়ার দীর্ঘদিনের প্রথাও বিদ্যমান বলে উল্লেখ করেন তিনি।
প্রতি তিন বছর অন্তর মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণ করা হয় বলেও জানান মন্ত্রী। সাম্প্রতিক ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সব চা-শ্রমিক উৎসব ভাতা পেয়েছেন বলে তিনি দাবি করেন। শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন আরিফুল হক চৌধুরী।
এর আগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত রথযাত্রা মহোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহসভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যই এ দেশের শক্তি। সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখতে হবে বলে তিনি জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস, ক্রাইসিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ঋষিকেশ গৌরাঙ্গ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক নুরেন জামান চৌধুরী, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট ইয়ুথ ফোরামের সমন্বয়ক দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রার রথযাত্রার শুভসূচনা করা হয়। হরিধ্বনির মধ্য দিয়ে ভক্তরা রথ টানেন। এ সময় দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও সম্প্রীতি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, রথযাত্রা উপলক্ষে আগামী ৯ দিন ধর্মীয় আলোচনা, কীর্তন, প্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি চলবে।



