ফুটবল মাঠের বাইরেও লিওনেল মেসি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক সফল উদ্যোক্তা হিসেবে। তাঁর হোটেল ব্র্যান্ড এমআইএম হোটেলস (MiM Hotels) স্পেনের ছয়টি বিখ্যাত পর্যটনকেন্দ্রে অভিজাত আবাসন সুবিধা প্রদান করছে। ব্র্যান্ডটির নামকরণ হয়েছে মেসি ও ম্যাজেস্টিক হোটেল গ্রুপের অংশীদারত্বের স্মারক হিসেবে; ‘এমআইএম’ শব্দটি ‘মেসি’ ও ‘ম্যাজিস্টিক’-এর সমন্বয়ে গঠিত।
২০১৭ সালে প্রতিষ্ঠিত এই হোটেল চেইনের পরিচালনার দায়িত্ব প্রথমে স্পেনের ম্যাজেস্টিক হোটেল গ্রুপের কাছে ছিল। তবে ২০২৫ সালের নভেম্বর থেকে বিশ্বের অন্যতম শীর্ষ আতিথেয়তা প্রতিষ্ঠান মেলিয়া হোটেলস ইন্টারন্যাশনাল এই দায়িত্ব গ্রহণ করে। এর ফলে হোটেলগুলো ‘দ্য মেলিয়া কালেকশন’-এর অন্তর্ভুক্ত হলেও ব্র্যান্ডের নাম ‘এমআইএম’ অপরিবর্তিত রাখা হয়েছে এবং মালিকানা এখনও মেসির কাছেই রয়েছে।
প্রতিটি এমআইএম হোটেলেই মেসির ব্যক্তিগত স্পর্শ লক্ষণীয়। বিশেষ করে ‘মেসি স্যুইট’ নামক কক্ষগুলিতে রাখা হয়েছে তাঁর ক্যারিয়ারের স্মারক সংগ্রহ, যার মধ্যে রয়েছে স্বাক্ষরযুক্ত ব্যালন ডি’অরের প্রতিলিপি। এই স্যুইটগুলি ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। হোটেলগুলোর অভ্যন্তরীণ নকশা করেছেন খ্যাতনামা ডিজাইনার লুইস বুস্তামান্তে ও লাসারো রোসা-ভিওলান, যা আধুনিক ও অভিজাত ধাঁচের।
গন্তব্যভেদে প্রতিটি হোটেল ভিন্ন অভিজ্ঞতা দেয়। ইবিৎজা, মায়োর্কা ও সিটজেসের হোটেলগুলো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য সংরক্ষিত। অন্যদিকে অ্যান্দোরা, সোতোগ্রান্দে ও বাকেইরা বেরেতের হোটেলগুলো সবার জন্য উন্মুক্ত। সমুদ্রসৈকত থেকে শুরু করে পাহাড়ি স্কি রিসোর্ট পর্যন্ত বিস্তৃত এই হোটেলগুলিতে স্পা, হাইড্রোথেরাপি, ওয়েলনেস ট্রিটমেন্ট ও বিশ্রামের ব্যবস্থা রয়েছে। সোতোগ্রান্দে, বাকেইরা বেরেত ও অ্যান্দোরায় গলফ, স্কি ও ট্রেকিংয়ের মতো আউটডোর কার্যক্রমও উপভোগ করা যায়। পাশাপাশি কিছু হোটেলে ছোট পরিসরে করপোরেট সভা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে।
শুধু বিলাসিতা নয়, পরিবেশবান্ধব স্থাপত্যেও গুরুত্ব দিয়েছে এমআইএম হোটেলস। ছয়টি হোটেলই এলইইডি (LEED) সনদপ্রাপ্ত, যা পরিবেশবান্ধব নির্মাণের স্বীকৃতি। মেসি তাঁর বিনিয়োগকে লাইফস্টাইল, স্পোর্টস ও হসপিটালিটি সেক্টরের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। ফলে ফুটবলের বাইরে তাঁর এই হোটেল চেইন আজ ব্যক্তিগত ব্র্যান্ডের এক অনন্য সম্প্রসারণ হিসেবে বিবেচিত হচ্ছে।




