রাজবাড়ী জেলায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (০৫ আগস্ট) সন্ধ্যা ও রাতের ভাগে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটি। আটককৃতরা হলেন মো. মোমিন মোল্লা (৪০) ও হাসান আলী বিশ্বাস (৩৬)।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন র্যাব-১০-এর অধিনায়ক, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহা. আসাদুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মোমিন মোল্লাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি স্টার্লিং সাব মেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮টি তাজা গুলি ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
একই দিন রাত সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে হাসান আলী বিশ্বাসকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয়টি তাজা গুলি, কিছু দেশীয় অস্ত্র, চারটি মুঠোফোন ও নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান আরও বলেন, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সংক্রান্ত অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




