কুমিল্লায় একটি মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দাদি ও তাঁর নাতনি। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে শাসনগাছা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর পাড়া এলাকার বাসিন্দা প্রয়াত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৫)। স্থানীয় সূত্রে জানা যায়, জোসনা বেগম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন এবং নাতনি চাঁদনী তাঁর সঙ্গে ছিলেন।

চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। কুমিল্লা রেলওয়ে স্টেশনসংলগ্ন শাসনগাছা বাস টার্মিনালের দিকে যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে তাঁরা কাটা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় নিয়ে যায়। লাকসাম রেলওয়ে থানার আওতাধীন কুমিল্লা স্টেশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মামুনুর রশিদ জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম কাজ করে। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে শাসনগাছা এলাকায় বহু মানুষ জড়ো হন। স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের মতে, রেললাইন পারাপারের সময় ট্রেন আসছে কি না সেদিকে খেয়াল না রাখায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জোসনা বেগমের স্বজন জোহরা বেগম বলেন, রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পুলিশের মাধ্যমে মুঠোফোনে তাঁরা এই দুর্ঘটনার খবর পান। পরে রেলস্টেশনে গিয়ে মরদেহ দুটি দেখতে পান।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।