ঢাকা মেডিকেল কলেজের অবকাঠামো উন্নয়নে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। কলেজটির জন্য নতুন পাঁচটি ভবন নির্মাণ করা হবে, যার মধ্যে থাকবে তিনটি ১৫ তলা ও দুটি ৪ তলা ভবন। এই নির্মাণকাজে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৫৪ কোটি টাকা।
বুধবার (১৯ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রকল্পটি উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকালে পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একনেক সভায় মোট ১১টি প্রকল্প উপস্থাপনের জন্য রাখা হয়েছে, যেগুলো বাস্তবায়নে মোট ব্যয় প্রায় ১০ হাজার ৪৬ কোটি টাকা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা মেডিকেলের নতুন ভবন নির্মাণের এই প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল, তবে তখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর ছয় মাসের মাথায় প্রকল্পটি অনুমোদনের জন্য তালিকাভুক্ত করা হলো।
প্রকল্পের আওতায় নির্মিতব্য পাঁচটি ভবনের মধ্যে একটি ১৫ তলা ভবন একাডেমিক কাজে ব্যবহার করা হবে। আরেকটি ১৫ তলা ভবনে থাকবে ছাত্র হোস্টেল, অপরটি হবে কর্মচারীদের কোয়ার্টার। প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, যার দায়িত্বে থাকবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
নতুন ভবনগুলো কোথায় নির্মিত হবে তা জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মাজহারুল ইসলাম বলেন, রাস্তার পাশে ও মর্গের কাছের কিছু টিনশেড ভবন এবং যেখানে বর্তমানে শিক্ষকদের কোয়ার্টার রয়েছে সেসব জায়গা ভেঙে নতুন ভবনগুলো নির্মাণ করা হবে।
প্রকল্পের যৌক্তিকতা তুলে ধরে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজের অনেক ভবনই এখন পুরোনো হয়ে গেছে। কলেজটিতে দেড় হাজার শিক্ষার্থী পড়ালেখা করলেও প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন সংকট প্রকট। এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের জন্যও আবাসন সুবিধা প্রয়োজন। এসব বিবেচনায় একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যার আলোকে প্রকল্পটি প্রস্তুত করা হয়েছে।
প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, ১৫ তলা একটি আবাসিক ভবন ও একটি হোস্টেল ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯৯ কোটি টাকা। আরেকটি ১৫ তলা ভবন ও দুটি ৪ তলা ভবন নির্মাণে খরচ হবে ৫৭৭ কোটি টাকা। বৈদ্যুতিক সরঞ্জামে ব্যয় হবে ১১৮ কোটি টাকা।
একনেক সভায় দেশের ১০টি মেডিকেলে ১৯টি হোস্টেল নির্মাণের জন্য আলাদা আরেকটি প্রকল্পও উপস্থাপন করা হবে। সেই প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেলে আরও দুটি ছাত্রী হোস্টেল নির্মাণ করা হবে।
এছাড়া আজকের একনেক সভায় নৌপরিবহন খাতে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার জাহাজ কেনার প্রকল্প অনুমোদনের তালিকায় রাখা হয়েছে, যার ব্যয় প্রায় ১ হাজার ৪৫৮ কোটি টাকা। সড়ক যোগাযোগ খাতে সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতুর স্মার্ট রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা উন্নয়নে প্রায় ১১৬ কোটি টাকার প্রকল্পও সভায় উপস্থাপনের জন্য তালিকাভুক্ত।
পানিসম্পদ খাতে লালমনিরহাট সদর উপজেলায় ধরলা নদীর ডান তীরের ভাঙন রক্ষায় প্রায় ২৯৯ কোটি টাকার প্রকল্প এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ নির্মাণে প্রায় ৫৫৯ কোটি টাকার প্রকল্পও রয়েছে সভার তালিকায়। ঢাকার জলাবদ্ধতা ও নদী সুরক্ষায় তুরাগ নদ সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নে ৫৬৭ কোটি টাকা ব্যয়ের প্রকল্পও অনুমোদনের জন্য রাখা হয়েছে।
গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে গ্রামের সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণে ৪ হাজার ৯৬৪ কোটি টাকা ব্যয়ের প্রকল্প এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের তৃতীয় সংশোধনীও তালিকায় রয়েছে। বিদ্যুৎ খাতে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং ঢাকায় ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রথম সংশোধন প্রস্তাবও আজকের একনেক সভায় অনুমোদনের জন্য রাখা হয়েছে।




