জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনা নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এক বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এবং জাপানিস ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (জেইউএএবি) যৌথ উদ্যোগে ‘আনব্লক ইয়োর গ্লোবাল ফিউচার: রিসার্চ অ্যান্ড স্টাডি ইন জাপান’ শীর্ষক এই সেমিনারটি গত রোববার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হয়।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। জেইউএএবির প্রেসিডেন্ট এ টি এম জাফরুল আজম এবং অধ্যাপক শেখ মোহাম্মদ ফজলে আকবর সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক শামস রহমান।
বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে জাপানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক সংযোগ আরও জোরদার করাই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক এই আয়োজনে যোগ দেন।
সেমিনারের কারিগরি পর্বে জাপান থেকে আগত শিক্ষাবিদ ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা নানা বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন। প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার ডিন অধ্যাপক শিনজিরো ওগিতা এবং ওকায়ামা ইউনিভার্সিটি অব সায়েন্সের পরিচালক অধ্যাপক হিরোকি হামাদাসহ জাপানের মোট ছয়জন শিক্ষাবিদ বক্তব্য রাখেন।
বক্তারা জাপানের বর্তমান গবেষণার ধারা, ইংরেজি মাধ্যমে পরিচালিত বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম, জাপানি ভাষা শেখার প্রস্তুতি, উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের সুপারভাইজার খুঁজে বের করা এবং তাদের সঙ্গে যোগাযোগের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ভর্তির প্রস্তুতি, গবেষণা প্রস্তাবনা প্রণয়ন এবং জাপানের একাডেমিক ও করপোরেট খাতে সম্ভাব্য ক্যারিয়ার নিয়েও ধারণা দেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী ও শিক্ষকরা জাপান থেকে আসা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।




