থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি স্থানীয় ফুটবল প্রতিযোগিতার ম্যাচ চলাকালীন ভয়াবহ বজ্রপাতের ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণ খেলোয়াড়। গতকাল মঙ্গলবার সুঙ্গাই গোলক শহরের শান্তিফাপ স্টেডিয়ামে গোলক এফএ কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্যামকোল্টস ও আবু এক্স নং সিরিন। থাইল্যান্ড ও মালয়েশিয়ার অপেশাদার খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের খেলাটি যখন চলছিল, ঠিক তখনই আকাশ ভেঙে নামে মুষলধারে মৌসুমি বৃষ্টি। বৃষ্টির মধ্যেই হঠাৎ মাঠের মাঝখানে আচমকা তীব্র আলোর ঝলকানি ও কানফাটা বিকট শব্দে বজ্রপাত আঘাত হানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আলোর ঝলকানির সঙ্গে সঙ্গে মাঠ কেঁপে ওঠে এবং একাধিক খেলোয়াড় মাঠে লুটিয়ে পড়েন। এই ঘটনায় স্যামকোল্টস দলের উইঙ্গার ২৪ বছর বয়সী সফওয়ান আওয়ায়ে ভীষণভাবে দগ্ধ হন। সতীর্থরা তাকে চিত করে শুইয়ে দিয়ে বুকে চাপ দিয়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে প্রাণপণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি তাকে। স্থানীয় পুলিশ প্রধান থুন সিরিখুন্তের উদ্ধৃতি দিয়ে মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা নিশ্চিত করে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো জরুরি চিকিৎসাসেবা দল সফওয়ানকে বাঁচাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।

এ ঘটনায় অন্তত আরও ১২ জন ফুটবলার আহত হন, যাদের সকলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি থাইল্যান্ডের তৃতীয় বিভাগের পেশাদার ক্লাব ইয়ালা এফসির সঙ্গে চুক্তি সই করেছিলেন সফওয়ান। ক্লাবটির পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, ‘আমাদের নতুন খেলোয়াড় সফওয়ান আওয়ায়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ থাইল্যান্ডে বজ্রপাতজনিত প্রাণহানির ঘটনা বিরল নয়। দেশটির রোগ নিয়ন্ত্রণ দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ২৮৩ জন বজ্রপাতের শিকার হয়েছেন, যাদের একটি বড় অংশই ঘটনাস্থলেই প্রাণ হারান।