চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের সেই উদ্যোগ ব্যর্থ করে দিয়েছেন। শনিবার গভীর রাতে উপজেলার উথলী ইউনিয়নের মাধবখালী সীমান্তে এই ঘটনা ঘটে। রোববার সকালে তিনজনকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, রাত ৩টা ২০ মিনিটে মাধবখালী সীমান্ত পিলার এলাকা দিয়ে বিএসএফের ৩২ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ওই তিনজনকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করে। ঠিক সেই সময় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে থাকা মাধবখালী বিওপির টহলদল শূন্যরেখা থেকে তাদের বাংলাদেশে ঢোকার সুযোগ দেয়নি। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে শূন্যরেখা থেকে প্রায় ৪০ গজ দূরে ভারতের দিকে ফিরে যেতে বাধ্য হয় তারা।

পরে ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতীয় কাঁটাতারের কাছাকাছি গিয়ে অবস্থান নেয়। সকাল ৮টার দিকে সীমান্ত পিলার ৬৮/৫-এস বরাবর থাকা ফটক খুলে তাদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফের মেতেরী ক্যাম্পের সদস্যরা।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির তাৎক্ষণিক তৎপরতার কারণে বিএসএফের এই অবৈধ পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে বিষয়টি ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলেও জানানো হয়েছে।