বর্তমান যুগে তথ্যের প্রাচুর্য থাকলেও মানুষের আত্মিক শূন্যতা দিন দিন বেড়েই চলেছে। এর মূল কারণ, আমরা তথ্য আর প্রকৃত জ্ঞানকে এক করে ফেলছি। ইসলামি দৃষ্টিতে জ্ঞান অর্জন কেবল মস্তিষ্ককে তথ্যে ভরপুর করার বিষয় নয়; বরং এটি আত্মাকে পরিশুদ্ধ করা এবং স্রষ্টার নৈকট্য লাভের একটি প্রধান মাধ্যম। হেরা গুহায় নবীজির উপর প্রথম ওহি নাজিলের সময় 'ইকরা' শব্দটি উচ্চারিত হয়, যার অর্থ 'পড়ো' (সুরা আলাক, আয়াত: ১)। এই একটি নির্দেশনাই ইসলামে জ্ঞানার্জনের মৌলিক ভিত্তি স্থাপন করে দেয়।
জ্ঞান অর্জনকে এত উচ্চ মর্যাদা দেওয়ার কারণ হলো, প্রজ্ঞা ছাড়া মানুষ তার সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য ও দুনিয়ায় ভূমিকা সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। মহান আল্লাহ যেভাবে ইবাদত পছন্দ করেন, সেই সঠিক পদ্ধতি জানতে হলে প্রজ্ঞার প্রয়োজন। তথ্য তখনই প্রকৃত জ্ঞানে রূপ নেয় যখন তার সাথে থাকে আন্তরিক উপলব্ধি, সঠিক নিয়ত ও সৎকর্ম। অর্জিত জ্ঞানের আলোকে জীবন পরিচালনা করলে আল্লাহ আরও প্রজ্ঞার দরজা খুলে দেন।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "আল্লাহ যার কল্যাণ চান, তাকে ধর্মের গভীর বোঝাপড়া দান করেন" (সহিহ বুখারি, হাদিস: ৭১)। কোরআনে দোয়া শেখানো হয়েছে, "হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করুন" (সুরা ত্বাহা, আয়াত: ১১৪)। অনেকে ইসলামের মৌলিক বিষয় না শিখেই আধ্যাত্মিকতা অর্জনের কথা বলেন, কিন্তু ইসলামি জীবনদর্শনে জ্ঞানহীন আধ্যাত্মিকতা নিছক বিভ্রম। আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুষ্টির কারণ জানা, অন্তর থেকে হিংসা ও অহংকার দূর করার পদ্ধতি জানাই হলো প্রকৃত জ্ঞান। এই জ্ঞানই হৃদয়ে আলো জ্বালিয়ে দেয় এবং তা পরিবার, সমাজ তথা আশপাশের সবার মাঝে ছড়িয়ে পড়ে।
আত্মিক উন্নতির পথ শুরু হয় মৌলিক বিষয়গুলো দিয়ে। পাপ থেকে মুক্তি ও ফরজ ইবাদত পালনের মাধ্যমেই উচ্চতর আধ্যাত্মিক স্তরে পৌঁছানো সম্ভব। এ পথে একজন সৎ ও প্রজ্ঞাবান শিক্ষকের দিকনির্দেশনা খুবই কার্যকর। জ্ঞানার্জন কোনো নির্দিষ্ট বয়সে থেমে থাকা বিষয় নয়, বরং দোলনা থেকে কবর পর্যন্ত এই যাত্রা চলতে থাকে। এই নিরন্তর চেষ্টাই বান্দার বিনয় প্রকাশ করে যে সে এখনও নিখুঁত নয় এবং তার উন্নতির সুযোগ রয়েছে।
মহান আল্লাহ প্রথম মানুষ আদমকে সৃষ্টি করে সব বস্তুর নাম ও মৌলিক জ্ঞান শিখিয়েছিলেন (সুরা বাকারা, আয়াত: ৩১)। এতে জাগতিক জ্ঞানের পাশাপাশি আত্মিক জ্ঞানও ছিল, যা প্রমাণ করে মানুষকে শেখার জন্যই সৃষ্টি করা হয়েছে। মহানবী (সা.) জ্ঞানকে 'নুর' বা জ্যোতি বলে অভিহিত করেছেন। এই জ্যোতি হৃদয়ে প্রবেশ করলে জীবনের সব সংশয় ও পাপের অন্ধকার দূরীভূত হয়। তখন নামাজে গভীর মনোযোগ আসে এবং কোরআন পাঠ হৃদয় স্পর্শ করে। সৃষ্টির সৌন্দর্যের মাঝে মানুষ স্রষ্টার অসীম ক্ষমতা দেখতে পায় এবং অসৎ কাজে লিপ্ত হওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে।
আল্লাহকে স্মরণ করলে যাদের হৃদয় কেঁপে ওঠে এবং তাঁর আয়াত পাঠে যাদের ঈমান বাড়ে, তারাই সত্যিকারের জ্ঞানী (সুরা আনফাল, আয়াত: ২-৪)। কোরআনে আরও বলা হয়েছে, 'বান্দাদের মধ্যে তারাই আল্লাহকে ভয় করে যারা জ্ঞানী' (সুরা ফাতির, আয়াত: ২৮)। প্রকৃত জ্ঞান মানুষকে অহংকারী নয়, বরং বিনয়ী ও খোদাভীরু করে তোলে। জ্ঞানচর্চা ও আধ্যাত্মিকতা আলাদা পথ নয়; বরং সত্য জ্ঞানের পথ ধরেই মানুষ পৌঁছায় পরম আত্মিক প্রশান্তিতে।




