প্রতি বছর ২৯ জুলাই বিশ্ব লিপস্টিক দিবস হিসেবে পালিত হলেও ঠোঁট রাঙানোর অভ্যাস সারাবছর ধরে চলে। তবে দুপুরের খাবার বা চা পান শেষে ঠোঁটের রং ফিকে হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। অফিস, ভ্রমণ বা বিশেষ অনুষ্ঠানে বারবার লিপস্টিক ঠিক করতে বিরক্ত লাগে। এই সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা কিছু সহজ ও কার্যকর কৌশল সুপারিশ করেছেন।
রূপবিশারদ ও বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান শারমিন কচির মতে, ঠোঁটের রং দীর্ঘ সময় ধরে রাখতে প্রথম ধাপ হলো ঠোঁট প্রস্তুত করা। তিনি বলেন, “ঠোঁটে মৃত কোষ জমে থাকলে বা শুষ্ক চামড়া উঠে থাকলে কোনো লিপস্টিকই ভালো দেখাবে না।” এর জন্য নরম ভেজা কাপড় বা চিনি দিয়ে তৈরি মৃদু স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। এরপর হালকা আর্দ্রতাদায়ক লিপবাম লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে তা শোষিত হয়। তবে সপ্তাহে দুইবারের বেশি ঠোঁট স্ক্রাব করা উচিত নয়, কারণ অতিরিক্ত ঘষায় ঠোঁটের কোমল ত্বকের ক্ষতি হতে পারে এবং শুষ্কতা বেড়ে যেতে পারে।
আর্দ্রতাদায়ক বাম ব্যবহারের পর এর অতিরিক্ত অংশ মুছে ফেলা জরুরি। শারমিন কচি সতর্ক করে বলেন, বামের ওপর লিপস্টিক প্রয়োগ করা ভুল, কারণ অতিরিক্ত তেলতেলে ভাব থাকলে লিপস্টিক ঠোঁটের সঙ্গে আটকে থাকে না এবং দ্রুত উঠে যায়। তাই বাম ব্যবহারের পর আলতো করে টিস্যু দিয়ে অতিরিক্ত অংশ সরিয়ে নিতে হবে।
একবারে বেশি লিপস্টিক দেওয়ার পরিবর্তে ধাপে ধাপে পাতলা স্তরে ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তিনি। প্রথমে একটি পাতলা স্তর লাগিয়ে টিস্যু দিয়ে চাপ দিয়ে অতিরিক্ত অংশ তুলে নিতে হবে, তারপর আরেকটি পাতলা স্তর ব্যবহার করতে হবে। এতে রং সমানভাবে বসে এবং দীর্ঘ সময় স্থায়ী হয়। তিনি আরও বলেন, “লিপস্টিক ব্যবহারের পর দুই ঠোঁট বারবার ঘষা উচিত নয়, কারণ এতে রং ঠিকভাবে বসার আগেই নষ্ট হয়ে যেতে পারে।”
লিপলাইনার ব্যবহারের বিষয়ে শারমিন কচি জানান, শুধু ঠোঁটের কিনারা নয়, পুরো ঠোঁটেই একই রঙের লিপলাইনার দিয়ে রেখা টেনে ভরাট করে নেওয়া ভালো। এটি লিপস্টিকের জন্য একটি ভিত্তি তৈরি করে, যার ফলে ওপরের রং ফিকে হলেও নিচের স্তর ঠোঁটের রং সমান রাখে এবং স্থায়িত্ব বাড়ায়।
বর্ষাকালে আর্দ্র আবহাওয়ায় লিপস্টিকের স্থায়িত্ব কমে যেতে পারে। এই সময়ে পুরো লিপস্টিক পুনরায় লাগানোর প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। তার পরামর্শ, “প্রথমে ফিকে হয়ে যাওয়া অংশ আলতোভাবে পরিষ্কার করে শুধু প্রয়োজনীয় জায়গায় নতুন করে লিপস্টিক লাগাতে হবে। এরপর ঠোঁটের মাঝখানে অল্প লিপগ্লস দিলে ঠোঁট সতেজ দেখাবে এবং ভারী লাগবে না।”
সব ধরনের ঠোঁটের জন্য একই লিপস্টিক উপযুক্ত নয়। কারও ঠোঁট বেশি শুষ্ক হলে দীর্ঘস্থায়ী হলেও অতিরিক্ত শুষ্কতা সৃষ্টিকারী প্রসাধনী ব্যবহারে অস্বস্তি হতে পারে। তাই শুষ্ক ঠোঁটের জন্য নিয়মিত আর্দ্রতা বজায় রাখে এমন লিপস্টিক ব্যবহার করাই ভালো।




