বাংলাদেশ পুরুষ ভলিবল দল বড় অর্জনের পথে এগিয়ে চলেছে। ইসলামাবাদে অনুষ্ঠিত কাভা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উজবেকিস্তানকে সরাসরি সেটে ৩-০ ব্যবধানে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে টানা পঞ্চম জয়ের দেখা পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রতিযোগিতার শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল নজরকাড়া। পাঁচ ম্যাচের লিগ পর্বে শুধুমাত্র স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেই হেরেছিল তারা। বাকি চার ম্যাচে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিল হরষিত বিশ্বাসের নেতৃত্বাধীন দল। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামীকাল শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে এই পাকিস্তানই।

এই সাফল্যের ফলে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। এর আগে ২০২৩ সালে এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে র্যাঙ্কিং টুর্নামেন্ট খেলেছিল দলটি। সে সময় তাদের অবস্থান ছিল ১৪৮তম। দীর্ঘদিন র্যাঙ্কিং প্রতিযোগিতায় অংশ নিতে না পারায় তালিকার বাইরেই ছিল বাংলাদেশ। তবে বর্তমান কাভা চ্যাম্পিয়নশিপের ধারাবাহিক জয়ের ফলে সর্বশেষ হালনাগাদে একযোগে ৭৫ নম্বরে উঠে এসেছে তারা।

কাভা চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এর আগে একবারই শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পুরুষ দল। তবে ওই প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল ছিল না। এবারেও ভারত অংশ নেয়নি। বর্তমান আসরে বাংলাদেশ ছাড়া রয়েছে পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।