বিশ্বব্যাপী চকলেটপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন আজ, ৭ জুলাই। ‘বিশ্ব চকলেট দিবস’ হিসেবে পরিচিত এই দিনে ক্যালোরি বা ডায়েটের কোনো অপরাধবোধ ছাড়াই নিজের পছন্দের চকলেট উপভোগ করার সুযোগ মেলে। তবে এই দিবসের শিকড় রয়েছে সুদূর অতীতে। প্রায় ৪ হাজার বছর আগে প্রাচীন মেসোআমেরিকা, বর্তমান মেক্সিকো অঞ্চলে, ওলমেক সভ্যতার মানুষ প্রথম কোকো গাছের সন্ধান পায়। তারা তখন কোকো বিন ব্যবহার করে একধরনের তেতো পানীয় তৈরি করত, যা ছিল বর্তমান চকলেটের আদিরূপ। বিবর্তনের নানা ধাপ পেরিয়ে সেই তেতো পানীয়ই আজকের মখমলের মতো মসৃণ ও মিষ্টি চকলেটে রূপ নিয়েছে।
ইতিহাসের তথ্য অনুযায়ী, ১৫৫০ সালের ৭ জুলাই ইউরোপে প্রথম চকলেটের আগমন ঘটে। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই দিবসটি উদযাপন শুরু হয়। এদিকে বিশ্বজুড়ে চকলেটের আরও কিছু বিশেষ দিবস রয়েছে। ভালোবাসা সপ্তাহের অংশ হিসেবে ৯ ফেব্রুয়ারি উদযাপিত হয় ‘চকলেট দিবস’। অন্যদিকে, ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে পালিত হয় ‘জাতীয় চকলেট দিবস’। চকলেটের প্রধান উপাদান কোকোর জন্য ১ অক্টোবর আন্তর্জাতিকভাবে উদযাপন করা হয় ‘আন্তর্জাতিক কোকো দিবস’। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে আরও কিছু চকলেটকেন্দ্রিক দিবস রয়েছে, যা প্রমাণ করে এই খাদ্যপণ্যের প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর।
চকলেটের বর্তমান রূপ পেতে যেতে হয়েছে বহু পরিবর্তন। ওলমেক সভ্যতার পর মায়া ও অ্যাজটেক সভ্যতার মানুষ কোকো পানীয়কে গুরুত্বপূর্ণ স্থান দেয়। তারা একে ‘দেবতাদের খাদ্য’ বলে অভিহিত করত। ষোড়শ শতকে স্প্যানিশ অভিযাত্রীরা এই পানীয় ইউরোপে নিয়ে আসে, যেখানে চিনি ও দুধ যুক্ত করে এর স্বাদ আরও মিষ্টি করা হয়। শিল্পবিপ্লবের সময় চকলেটের উৎপাদন প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আসে, যার ফলে আজকের কঠিন বা সলিড চকলেট তৈরি সম্ভব হয়। বর্তমানে ডার্ক, মিল্ক, হোয়াইটসহ নানা ধরনের চকলেট বাজারে পাওয়া যায়, যার প্রতিটিরই নিজস্ব স্বাদ ও গুণাগুণ রয়েছে।
বিশ্ব চকলেট দিবসে এই মিষ্টি খাদ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব স্মরণ করা হয়। চকলেট শুধু একটি খাদ্যই নয়, বরং এটি মানবসভ্যতার একটি অংশ, যা হাজার হাজার বছর ধরে মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে। চকলেটের ইতিহাস যেমন প্রাচীন, তেমনি এর ভবিষ্যৎও সম্ভাবনাময়। আধুনিক বিজ্ঞান চকলেটের স্বাস্থ্যগুণ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে, যা দেখিয়েছে ডার্ক চকলেটের অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। তবে অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত চকলেটের স্বাস্থ্য ঝুঁকির বিষয়েও সচেতন থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
যাই হোক, ৭ জুলাইয়ের এই বিশেষ দিনে চকলেটের প্রতি ভালোবাসা উদযাপন করার জন্যই। দিনটি হোক ৭ জুলাই বা ৯ ফেব্রুয়ারি, এক টুকরা খাঁটি চকলেটের মিষ্টি স্বাদ ও সুঘ্রাণ যেন প্রতিটি মানুষের যান্ত্রিক জীবনে প্রশান্তি বয়ে আনে—বিশ্ব চকলেট দিবসে এটাই প্রত্যাশা।




