রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদের রাজস্বখাতের আওতায় ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে বিপুল সংখ্যক জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মোট ৫৮৭টি শূন্য পদ পূরণের লক্ষ্যে এই নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হবে আগামী ৩ আগস্ট ২০২৬ সকাল ১০টায় এবং তা চলবে ২৩ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনকারীকে ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে এবং ১১২ টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, কোনো পাবলিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমতুল্য জিপিএ/সিজিপিএ-এর নিচে গ্রহণযোগ্য হবে না। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে, ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর ন্যূনতম ১৮ ও সর্বোচ্চ ৩২ বছর বয়স হতে হবে। শারীরিক যোগ্যতার শর্তে বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বিদ্যুতের খুঁটি ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে নিয়োগ পরবর্তী কিছু শর্তও স্পষ্ট করা হয়েছে। নির্বাচিত ব্যক্তিরা এক বছরের জন্য শিক্ষানবিশ এসবিএ-এ হিসেবে প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণকালে তাঁরা নির্ধারিত হারে ভাতা পাবেন। প্রশিক্ষণ শেষে সাফল্য অর্জন করলেও সরাসরি নিয়োগ নিশ্চিত নয়; বরং সংশ্লিষ্ট বিভাগে শূন্যপদ সাপেক্ষে মেধাক্রম ও প্রচলিত বিধি অনুসারে নিয়োগ বিবেচিত হবে। যদি প্রশিক্ষণ পরবর্তী সময়ে কোনো শূন্য পদ না থাকে, তবে প্রশিক্ষণ সনদ দিয়ে তাদের অব্যাহতি দেওয়া হবে। তবে ভবিষ্যতে পদ খালি হলে মেধার ভিত্তিতে পর্যায়ক্রমে নিয়োগ বিবেচনা করা হবে।