মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে দায়ের করা ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা ফেডারেল আদালত তাৎক্ষণিকভাবে নাকচ না করে পরবর্তী পদক্ষেপের নির্দেশনা দিয়েছেন। সোমবার স্বাক্ষরিত এক আদেশে ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক স্টিভেন ডি. মেরিডে পত্রিকাটির মামলা খারিজের আবেদন সম্পর্কে রায় দেওয়া স্থগিত রেখেছেন এবং ট্রাম্পকে ২৭ আগস্টের মধ্যে একটি সংশোধিত অভিযোগপত্র জমা দিতে বলেছেন।
বিচারকের এই আদেশে সংশোধিত অভিযোগপত্রের প্রয়োজনীয়তার পেছনের যুক্তি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। আদেশে বলা হয়েছে, ট্রাম্পের সংশোধিত অভিযোগপত্র জমা দেওয়ার পর দ্য নিউ ইয়র্ক টাইমসকে এর জবাব দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে। সোমবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে এই আদেশকে নিজের বিজয় হিসেবে আখ্যা দেন এবং লিখেন, সংবাদপত্রটি ‘আমাদের শক্তিশালী মানহানির মামলা বাতিল করার তাদের মরিয়া প্রচেষ্টায় আবারও ব্যর্থ হয়েছে।’
গত সেপ্টেম্বরে ট্রাম্প নিউ ইয়র্ক টাইমস, এর একাধিক প্রতিবেদক এবং বইয়ের প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের এই মামলা দায়ের করেছিলেন। অভিযোগে বলা হয়, পত্রিকাটি তার ‘কঠোর পরিশ্রমে অর্জিত ও বিশ্বখ্যাত ব্যবসায়িক সাফল্যের খ্যাতি’ সম্পর্কে মিথ্যা বক্তব্য দিয়ে মানহানি করেছে এবং তার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাকে ‘নাশকতা’ করার চেষ্টা করেছিল। মামলায় প্রতিবেদকদের লেখা নিবন্ধ এবং দুজন প্রতিবেদকের লেখা “লাকি লুজার: হাও ডোনাল্ড ট্রাম্প স্কোয়ান্ডার্ড হিজ ফাদারস ফরচুন অ্যান্ড ক্রিয়েটেড দ্য ইলিউশন অফ সাকসেস” নামক বইটিকে চিহ্নিত করা হয়।
ওই একই মাসে বিচারক মিডে মূল ৮৫ পৃষ্ঠার মামলাটি খারিজ করে ট্রাম্পকে ‘সরল, সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট’ দাবিসহ পুনরায় মামলার নির্দেশ দেন। তখন তিনি মন্তব্য করেছিলেন, “একটি অভিযোগপত্র তিরস্কার ও গালমন্দের জন্য কোনো প্রকাশ্য মঞ্চ নয় — কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার সুরক্ষিত প্ল্যাটফর্ম নয়।” ট্রাম্পকে ৪০ পৃষ্ঠার নিচে আরেকটি অভিযোগপত্র জমার জন্য ২৮ দিন সময় দেওয়া হয়, যা অক্টোবরে দায়ের করা হয়। দ্য নিউ ইয়র্ক টাইমস এই অভিযোগপত্রও দাবি যথাযথভাবে উল্লেখ না করার কারণ দেখিয়ে খারিজের আবেদন করেছিল।
বিচারকের নতুন আদেশে বলা হয়েছে, সংশোধিত অভিযোগপত্রটি তার পূর্বের ৪০ পৃষ্ঠার সীমা অতিক্রম করতে পারবে, তবে শর্ত রয়েছে যে এটি প্রযোজ্য নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ বাস্তবিক অভিযোগ সমন্বিত হতে হবে।




