রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে গত শনিবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ক্রাউনিং অনুষ্ঠান। এতে বিজয়ী হন সামানজার সাঈদ। আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন শহরে শুরু হওয়া ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

মিস ওয়ার্ল্ডের মূলমন্ত্র ‘বিউটি উইথ আ পারপাস’কে সামনে রেখে এবারের আয়োজন সাজানো হয়েছিল। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি প্রতিষ্ঠানের যাত্রা শুরুর লক্ষ্য তুলে ধরে বলেন, তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের দক্ষতা অর্জনে সহায়তা করাই ছিল মূল উদ্দেশ্য। সময়ের সঙ্গে অগ্রগতি এবং ইতোমধ্যে মডেলিংয়ের দশটি ব্যাচ সম্পন্ন হওয়ার কথা জানিয়ে তিনি আয়োজনের সঙ্গে যুক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ‘হালফ্যাশন’–এর কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’ সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।

গ্র্যান্ড ফিনালের আগে বিভিন্ন ধাপ পেরিয়ে সেরা পাঁচ প্রতিযোগী নির্বাচন করা হয়। তাঁরা হলেন—আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ ও স্বাগতা সাহা ঐশী। প্রশ্নোত্তর পর্বে সকলে বিচারকদের নানা প্রশ্নের উত্তর দেন। শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সব প্রতিযোগীকে পেছনে ফেলে সামানজার সাঈদ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতেছেন। পাশাপাশি প্রথম রানারআপ হন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হন লাবিবা মনজুর।