চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরীকে ওএসডি করে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বুধবার স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।

একই প্রজ্ঞাপনে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমানকে চলতি দায়িত্বে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ আগস্ট থেকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছর সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর কার্যকালে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীসহ ১৭১টি পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। তবে সে সময় তিনি সব অভিযোগ অস্বীকার করেছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সেখ ফজলে রাব্বি জানান, সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া। তিনি বলেন, শুধু চট্টগ্রামেই নয়, বিভাগের কুমিল্লাতেও সিভিল সার্জনকে ওএসডি করার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা ও ময়মনসিংহেও একই ধরনের আদেশ হয়েছে বলে তিনি খবর পেয়েছেন।