ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহত হওয়ার তথ্য জানিয়েছে পেন্টাগন। বুধবার স্থানীয় সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুদ্ধে হতাহতের তথ্যভান্ডার হালনাগাদ করে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। নতুন করে অন্তত ৫০ জন আহত সেনার খবর যুক্ত হয়েছে এই তালিকায়। এমন একটি সময়ে এই তথ্য সামনে এল যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা নিরসনে কূটনৈতিক আলোচনা কার্যত থমকে আছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমের (ডিক্যাস) তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন। ডিক্যাসের ‘ওভারসিজ অপারেশনস’ বিভাগের তথ্যের সঙ্গে ‘অপারেশন এপিক ফিউরি’র খবর যোগ করে এই সংখ্যা পাওয়া গেছে। গত মাসেই এই নতুন বিভাগটি চালু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছিল, ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের খবর ওই বিভাগে যুক্ত করা হচ্ছে। তবে কোন নির্দিষ্ট সংঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে, সে সম্পর্কে পেন্টাগন এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। উল্লেখ্য, ৭ জুলাই তারিখটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কংগ্রেসকে যুদ্ধ শুরু করার বিষয়ে জানানোর দিনটির সঙ্গে মিলে যায়। ওই দিনই ওয়ার পাওয়ার্স অ্যাক্টের আওতায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ইরানের সঙ্গে নতুন একটি সংঘাত শুরু হয়েছে।

এর আগে সিএনএন জানিয়েছিল, ইরানের সঙ্গে সংঘাতের সময় আহত মার্কিন সেনাদের তথ্য প্রকাশে পেন্টাগন ধীরগতি দেখিয়েছে। কর্মকর্তারা এ ব্যাপারে নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। গত মাসে ডিক্যাসে ইরানের হামলায় নিহত ও আহত সেনার সংখ্যা কমে যাওয়ায় পেন্টাগন সংবাদমাধ্যম ও আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েছিল। তখন চারজন নিহত ও কয়েক ডজন আহত সেনার তথ্য তালিকা থেকে বাদ পড়ে গিয়েছিল, যা পরে আবার যুক্ত করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় তখন জানায়, ‘সাময়িক তথ্যগত বিঘ্নের’ কারণে এই হেরফের হয়েছিল।

এদিকে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি উত্তেজনার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে রয়ে গেছে। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, ইরানের সঙ্গে পরিস্থিতি এখন ‘খুব ভালো’। তবে তিনি তেহরানের সঙ্গে মার্কিন আলোচনা স্থগিত রেখেছেন। এর আগে রয়টার্স-ইপসোস জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধের ধাক্কায় বর্তমান মেয়াদে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে পৌঁছেছে।