সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার একটি গ্রামে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। ১৭ বছরের দাম্পত্য জীবন, দুই মেয়ে ও এক ছেলের জনক এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার পর ৪০ লিটার দুধ দিয়ে গোসল করেন। স্ত্রী প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন। দুই বছর আগে দেশে ফিরেছেন। মুঠোফোনে প্রথম আলোর কাছে তিনি দাবি করেন, প্রায় এক বছর আগে তিনি টের পান তার স্ত্রী অন্য একজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। গত মঙ্গলবার রাতে স্ত্রী ঘরের কাউকে কিছু না জানিয়ে প্রেমিকের বাড়িতে চলে যান। বিষয়টি এলাকায় জানাজানি হলে শনিবার উভয় পক্ষের মুরব্বিদের ডেকে আনুষ্ঠানিকভাবে বিয়ের সম্পর্ক ছিন্ন করেন ওই ব্যক্তি।

এরপর বিকেলে তিনি দুধ দিয়ে গোসল করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, '১৭ বছরের সম্পর্ক। আজ আমি মুক্ত হলাম, মুক্ত করলাম। আমি এখন পবিত্র, আগে অপবিত্র ছিলাম।' কেন দুধ দিয়ে গোসল করলেন জানতে চাইলে তিনি বলেন, তার মা পছন্দ করে যাকে ঘরে এনেছিলেন, সেই বউ তার মান-সম্মান শেষ করে দিয়েছেন। প্রেমিকের পেছনে তার বিদেশ থেকে পাঠানো টাকা নষ্ট করেছেন। শেষমেশ সন্তান ও সংসার ফেলে চলে গেছেন। তাই তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করে নিজেকে মুক্ত করেছেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা আলোচনা চলছে। ওই নারীর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে দোয়ারাবাজার থানার পুলিশ জানায়, শনিবার রাতে ওই নারী যার কাছে গিয়েছেন তাকে আগের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজ রোববার বিকেলে জানান, দুধ দিয়ে গোসলের ভিডিওটি তারা ফেসবুকে দেখেছেন।