দেশব্যাপী হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) এই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে আরও ৬ জনের প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুরু করে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৮ জনের। বাকি ৭৭৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

নতুন করে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩ জন। এই সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের শরীরে এবং উপসর্গ দেখা দিয়েছে ৯৮৮ জনের। বিভাগভিত্তিক হিসেবে ঢাকায় দুজন, সিলেটে তিনজন এবং বরিশালে একজন মারা গেছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনের। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৩৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।