বলিউড সুপারস্টার শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’-এর সংস্কার ও সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা বিরাজ করছিল। অবশেষে সেই জটিলতা কাটিয়ে বড় স্বস্তি পেয়েছেন তারকার ভক্তরা। ভারতের সর্বোচ্চ আদালত মান্নাতে দুটি অতিরিক্ত তলা নির্মাণের অনুমোদন চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে বাড়িটির সংস্কার প্রকল্পের পথে থাকা আরেকটি বাধা অপসারিত হলো।

প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) দেওয়া রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানায়। শুনানির সময় আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘এটি তাঁদের নিজস্ব আবাসস্থল। সেখানে অতিরিক্ত তলা নির্মাণের সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁদের নিজস্ব। আইনের বড় ধরনের কোনো লঙ্ঘন ঘটেনি। তাহলে প্রতিবেশী বা অন্য কারও হস্তক্ষেপের প্রয়োজন কী?’

আবেদনকারী পরিবেশকর্মী সন্তোষ দৌণ্ডকরের পক্ষে আইনজীবী শোয়েব আলম আদালতে যুক্তি দেন, শাহরুখ খান একজন তারকা হওয়ার কারণে বিষয়টি ভিন্নভাবে দেখা উচিত নয়। তাঁর মতে, উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল (সিআরজেড) সংক্রান্ত অনুমোদন দেওয়ার সময় মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি ভুল করেছে। তবে এনজিটি আগেই রায়ে জানিয়েছিল, অনুমোদন প্রদানের ক্ষেত্রে কোনো প্রক্রিয়াগত ত্রুটি বা আইনি অসংগতি পাওয়া যায়নি। তাই আবেদনটি খারিজ করে দেওয়া হয়।

উল্লেখ্য, ‘মান্নাত’ মুম্বাইয়ের গ্রেড-৩ তালিকাভুক্ত ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃত। এই কারণে সেখানে যেকোনো ধরনের পরিবর্তন বা সংস্কারের জন্য বিশেষ অনুমোদন প্রয়োজন। ২০১৯ সালে যখন বাড়িটির মালিকানা স্থায়ী মালিকানায় রূপান্তর করা হচ্ছিল, তখন হিসাবের ভুল ধরা পড়ায় মহারাষ্ট্র সরকার শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরী খানকে প্রায় ৯ কোটি রুপি ফেরত দেন। তাদের আবেদনের প্রেক্ষিতেই এই অর্থ ফেরত দেওয়া হয়েছিল।

প্রায় ২ হাজার ৪৪৬ বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত ‘মান্নাত’ শাহরুখ ও গৌরী খানের নামে নিবন্ধিত। এটি বর্তমানে শুধু একটি তারকার বাড়ি নয়, বরং মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। ভক্তদের কাছে এটি প্রিয় নায়কের আবাসস্থল হলেও সাধারণ মানুষের কাছেও এটি এক ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে পরিচিতি পেয়েছে।

সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে মান্নাতের সংস্কার ও সম্প্রসারণের পথে আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না বলে ধারণা করা হচ্ছে। তবে ভবিষ্যতে কোনো নতুন আবেদন দাখিল করা হলে সেটি ভিন্ন বিষয়। আপাতত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শাহরুখের অসংখ্য ভক্ত ও অনুরাগীরা। সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া।