সরকার দেশের পুলিশ বাহিনীর ৫৬ জন কর্মকর্তাকে একযোগে অবসরে পাঠিয়েছে। এর মধ্যে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ জন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত জন কর্মকর্তা রয়েছেন। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পুলিশে কর্মরত ৪৯ জন পরিদর্শকের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। একই আইনের আওতায় এএসপি পদমর্যাদার সাত কর্মকর্তাকেও অবসরে পাঠানো হয়েছে।
যাঁদের অবসরে পাঠানো হয়েছে তাঁরা হলেন— র্যাব সদর দপ্তরের এএসপি নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর এএসপি মো. গোলাম কিবরিয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সকল প্রকার সুবিধাদি পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, আলাদা আরেকটি প্রজ্ঞাপনে সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকেও অবসরে পাঠানোর কথা জানানো হয়েছে। এই সিদ্ধান্তও সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।




