নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় এক বেকারি কর্মীকে গুদামঘরে আটকে রেখে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার জংলী শিবপুর বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাসির মিয়া (২২) ওই এলাকার উত্তর বাখরনগর ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং একটি বেকারিতে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বুধবার সন্ধ্যায় নাসির জংলী শিবপুর বাজারে আসেন। সেখানে তাঁকে একটি গুদামঘরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল নাঈম বলেন, ‘গত রাতে ওই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
নিহতের পরিবারের বক্তব্য, বুধবার রাতে অজ্ঞাত একজন ফোন করে জানান যে বাজারে কয়েকজন মিলে নাসিরকে পিটুনি দেওয়া হয়েছে এবং পরে তাঁকে রাস্তায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের সঠিক কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এবং তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



