বুধবার, ৫ আগস্ট, জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক এক কনসার্টের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের পেছনে রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে যুক্ত মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সত্ত্বেও কনসার্ট প্রাঙ্গণে তরুণসহ বিভিন্ন বয়সী মানুষের সমাগম ক্রমাগত বাড়ছে। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ ও তাঁর দলের পরিবেশনার মাধ্যমে কনসার্টের সূচনা হয়। তার আগে বেলা ৩টা ৫৫ মিনিটে জাতীয় সংগীত বাজিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মঞ্চের সামনের অংশে আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকদের জন্য বিশেষ বসার ব্যবস্থা রাখা হয়েছে। তার কিছুটা পেছনে ব্যারিকেডের অপর পাশে অবস্থান করছেন সাধারণ দর্শকরা। কেউ ছাতা মাথায় দিয়ে, কেউ বৃষ্টিতে ভিজেই কনসার্টের আনন্দ উপভোগ করছেন। ধীরে ধীরে উপস্থিত জনতার সংখ্যা আরও বাড়ছে। এই কনসার্টে গানের দল শিরোনামহীন, আর্ক (হাসান), আর্টসেল, আর্বোভাইরাস ও এভয়েড রাফা-এর পাশাপাশি পারসা, সেজান, কুঁড়েঘর ও আসিফ আকবরও গান পরিবেশন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।