মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যানসার আরও বিস্তৃত হয়েছে বলে জানিয়েছেন তার পুত্র হান্টার বাইডেন। শুক্রবার রাতে বিবিসির নিউজনাইট অনুষ্ঠানে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এই তথ্য প্রকাশ করেন।

২০২৫ সালের মে মাসে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান জো বাইডেন। প্রেসিডেন্ট পদ ছাড়ার মাত্র চার মাস পর এই রোগ শনাক্ত হয়। তখনই জানা যায়, ক্যানসারটি তার হাড়ে ছড়িয়ে পড়েছে এবং এটি বেশ আগ্রাসী প্রকৃতির। রোগ শনাক্তের পর রেডিয়েশন ও হরমোন থেরাপি শুরু হয় তার। গত মাসে নিজের স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দেওয়ার সময় ৮৩ বছর বয়সী বাইডেন বলেছিলেন, তার চিকিৎসা "খুব ভালোভাবে" চলছে।

কিন্তু হান্টার বাইডেন এখন বলছেন, চিকিৎসা অব্যাহত থাকলেও ক্যানসার তার বাবার শরীরে হাড়সহ বিভিন্ন জায়গায় আরও ছড়িয়ে পড়েছে। সাক্ষাৎকারে হান্টার বলেন, "এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকে খুব দুর্বল করে দেওয়ার মতো। তবে তিনি এখনও বাইরে যাচ্ছেন, নিজের কাজ করছেন।" তিনি আরও বলেন, "তিনি এই দেশ নিয়ে খুব আশাবাদী।"

বাবার শারীরিক অবস্থা নিয়ে কথা বলার সময় হান্টারকে কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। তিনি বলেন, "এটা খুব, খুব কঠিন। তাঁকে এভাবে কষ্ট পেতে দেখা সত্যিই খুব দুঃখের।"

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হওয়া বাইডেনের স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল। এরপরও ২০২৪ সালে ৮১ বছর বয়সে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন তিনি। তবে ওই বছরের জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে তার পারফরম্যান্স ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এরপর ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ চাপে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার পরিবর্তে দলের প্রার্থী হন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে নির্বাচনে হেরে প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প।