রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশনে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট ২০২৬’। দেশের বিভিন্ন খাতের শতাধিক নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্পবিশেষজ্ঞ এবং হাজারো চাকরিপ্রার্থীর অংশগ্রহণে মুখর ছিল এই আয়োজন। চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি এবং পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলাই ছিল এই ফেস্টের মুখ্য উদ্দেশ্য।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী চেয়ারম্যান নাজনীন কাউসার চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বর্তমান শ্রমবাজারের সঙ্গে সংগতি রেখে দক্ষ জনশক্তি তৈরি করা অত্যন্ত জরুরি। নিছক শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট নয়; বরং কর্মক্ষেত্রের প্রয়োজনীয় প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব এবং সমস্যা সমাধানের মতো নরম দক্ষতাগুলোও উন্নত করতে হবে চাকরিপ্রার্থীদের।
আয়োজক প্রতিষ্ঠান নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান জানান, প্রতিষ্ঠানটি ৩৬০ ডিগ্রি মানবসম্পদ উন্নয়ন সেবা নিয়ে কাজ করছে। চাকরিপ্রার্থী এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও সরাসরি সংযোগ স্থাপনই তাদের অন্যতম লক্ষ্য। এই ক্যারিয়ার সামিটের মাধ্যমে একই প্ল্যাটফর্মে চাকরিপ্রার্থী, নিয়োগকারী, শিল্পবিশেষজ্ঞ এবং দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমকে একীভূত করা হয়েছে।
ফেস্টের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ কার্যক্রম। প্রায় ৭৫০টি শূন্য পদের বিপরীতে আড়াই হাজারের বেশি চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার এবং চাকরির প্রস্তাব পাওয়ার সুযোগ পান। এর বাইরেও আয়োজনে ছিল অভিজ্ঞ পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা, ইন্টারঅ্যাকটিভ সেশন, র্যাফেল ড্র এবং উন্মুক্ত নেটওয়ার্কিংয়ের সুযোগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং আকিজ এগ্রিলাইফের চিফ বিজনেস অফিসার আকতারুল ইসলাম।




