যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি একটি দীর্ঘ পডকাস্ট সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে, জেফরি এপস্টাইন সংক্রান্ত নথি প্রকাশের বিষয়ে ট্রাম্প প্রশাসনের যোগাযোগ ব্যবস্থা ছিল ‘একেবারেই ভুল’। বুধবার জো রোগানের অনুষ্ঠানে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি মূলত দোষারোপ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে। বন্ডি আগে এক বিবৃতিতে দাবি করেছিলেন যে এপস্টাইনের তথাকথিত ‘ক্লায়েন্ট তালিকা’ ‘এই মুহূর্তে আমার টেবিলে পড়ে আছে’—যা পরে বিতর্কের জন্ম দেয়। উল্লেখ্য, এপস্টাইন ছিলেন একজন দণ্ডিত যৌন অপরাধী, যার পরিচিতির জাল বিশ্বের উচ্চবিত্ত মহল পর্যন্ত বিস্তৃত ছিল। বন্ডির অধীনে জাস্টিস ডিপার্টেমেন্ট রক্ষণশীল ভাষ্যকার ও প্রভাবশালীদের ‘দ্য এপস্টাইন ফাইলস: ফেজ ১’ এবং ‘ডিক্লাসিফায়েড’ নামে বাইন্ডার সরবরাহ করেছিল। ভ্যান্স রোগানকে বলেন, ‘আমি প্যামকে চিনি, তাকে পছন্দ করি। তার মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য ছিল বলে আমি মনে করি না। তিনি তখন রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আমরা যা পেয়েছি এবং পাইনি—তা নিয়ে তিনি কিছুটা বাড়িয়ে বলেছেন।’ ভ্যান্সের মতে, এর ফলে বন্ডি জনসমক্ষে সমালোচিত হন এবং এপস্টাইন ফাইল ইস্যুতে প্রশাসনের স্বচ্ছতা প্রচেষ্টায় জনগণের মধ্যে ‘অবিশ্বাস’ তৈরি হয়। তিনি বলেন, ‘এপস্টাইন ফাইল নিয়ে আমরা যোগাযোগের ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছি। কিন্তু এর কারণ কি আমরা কিছু লুকানোর চেষ্টা করছিলাম? না, তা নয়।’ গত বছরের বেশির ভাগ সময় ধরে এপস্টাইন ফাইল নিয়ে বিতর্ক প্রশাসনকে ঘিরে রেখেছিল। শেষ পর্যন্ত আইনপ্রণেতারা একটি ব্যবস্থা পাস করেন, যার ফলে বিপুল পরিমাণ নথি প্রকাশ করতে বাধ্য হয় সরকার, যা ছিল ওই কুখ্যাত অর্থদাতার বিরুদ্ধে তদন্তের অংশ। ডিসেম্বরের শেষের দিকে জাস্টিস ডিপার্টমেন্ট ফাইলগুলো প্রকাশ করতে শুরু করে, যার মধ্যে ছিল ছবি, কল লগ, গ্র্যান্ড জুরির সাক্ষ্য এবং সাক্ষাৎকারের প্রতিলিপি।