বাংলাদেশের বিদ্যুৎ খাতে এখনও বহু জায়গায় সেকেলে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যা পরিবর্তন করা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হালনাগাদ প্রযুক্তি প্রয়োগ, প্রকৌশলী এবং কারিগরি কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্মার্ট মনিটরিং, লোড ব্যবস্থাপনা এবং বুদ্ধিমান সুইচিং প্রযুক্তি একসঙ্গে ব্যবহার করলে বিদ্যুতের অপচয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে 'সোকোমেক কানেক্ট অংশীদারত্বের শক্তি' শীর্ষক এক অনুষ্ঠানের প্যানেল আলোচনায় এই অভিমত প্রকাশ করা হয়। সোকোমেক ও টেক ভ্যালি সলিউশনস লিমিটেড যৌথভাবে এই আলোচনার আয়োজন করে। সেখানে জানানো হয়, কেবল বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই হবে না, সেই উৎপাদিত বিদ্যুৎ যেন সঠিকভাবে ব্যবহার হয়, সেদিকেও নজর দিতে হবে। স্মার্ট মিটারিং ও মনিটরিং ব্যবস্থার মাধ্যমে কোথায় কত বিদ্যুৎ খরচ হচ্ছে এবং কোথায় অপচয় হচ্ছে তা চিহ্নিত করে সাশ্রয়ের পথ খুঁজে বের করা সম্ভব।

আলোচনায় বক্তারা ম্যাগনেটিক কনটাক্টরভিত্তিক বিদ্যুৎ উৎস পরিবর্তনের পুরোনো পদ্ধতির বদলে আধুনিক স্বয়ংক্রিয় ট্রান্সফার সুইচ ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। এই প্রযুক্তি বিদ্যুৎ সরবরাহে নিরবচ্ছিন্নতা ও নির্ভরযোগ্যতা আনতে পারে বলে তাঁদের মত। স্মার্ট প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমেই ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়িয়ে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলেও উল্লেখ করা হয়।

টেক ভ্যালি সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করে সোকোমেক বাংলাদেশে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাপনা ও নির্ভরযোগ্য সমাধান পৌঁছে দিতে আগ্রহী। তিনি আরও বলেন, অংশীদাররা যেন শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে গ্রাহকদের সঠিক পরামর্শ দিতে পারেন, সেটিই কাম্য। আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও দক্ষ, টেকসই এবং নির্ভরযোগ্য করে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

অনুষ্ঠানের প্যানেল আলোচনায় বাংলাদেশের পরিবর্তনশীল বিদ্যুৎ অবকাঠামো ও আধুনিক ব্যবস্থাপনা প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন সোকোমেকের কারিগরি ও উদীয়মান বাজার বিভাগের ব্যবস্থাপক বুদ্ধিকা জয়াবীরা। তিনি তাঁর বক্তব্যে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সমাধান দেওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।