যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি গ্রামীণ সড়কের পাশে ঘটেছে এক অদ্ভুত ও মর্মান্তিক ঘটনা। একটি উচ্চ ভোল্টেজের বিদ্যুতের খুঁটির মাথায় একটি কালো ভালুককে আড়াআড়ি শুয়ে থাকতে দেখা যায়। শুরুতে অনেকে ধারণা করেছিলেন প্রাণীটি মৃত; তবে কিছুক্ষণ পরই সেটি নড়াচড়া করায় বোঝা যায় এটি জীবিত, কিন্তু বিপজ্জনকভাবে আটকা পড়েছে।

ঘটনাস্থলটি ছিল গ্ল্যাডস্টোন নামের একটি ছোট লোকালয়ের কাছে। সেখানে জড়ো হতে থাকে কৌতূহলী মানুষের ভিড়। গাড়ি চালকেরা থামিয়ে ওপরে তাকিয়ে দেখতে থাকেন, আর হাতে মুঠোফোন তুলে নেন অনেকে। ভালুকটি খুঁটির ক্রসআর্মে বসে ছিল, আর তার চারপাশে ছিল সচল বৈদ্যুতিক তার। নিচে মানুষের ভিড় বাড়তে থাকলেও উদ্ধার কাজ ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ।

বন্য প্রাণী কর্মকর্তারা জানান, চেতনানাশক ব্যবহার করাও সম্ভব ছিল না; কারণ এত উচ্চতা থেকে অজ্ঞান অবস্থায় পড়ে গেলে ভালুকটির বেঁচে ফেরার সম্ভাবনা ছিল শূন্য। তা ছাড়া নিচে থাকা গাড়ি ও মানুষের ওপরও এটি পড়তে পারত। সচল বৈদ্যুতিক লাইনের কারণে কাছে যাওয়াও ছিল মারাত্মক বিপজ্জনক। তাই উদ্ধারকারীরা প্রাণীটিকে নিজে থেকে নেমে আসার সুযোগ দিতে উপস্থিত জনতাকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন; কিন্তু ভিড় কমেনি বরং বেড়েছে। অনেকে ভিডিও ধারণ করতে থাকেন।

দুর্ভাগ্যবশত, উদ্ধারকারীরা নিরাপদে পৌঁছানোর আগেই ভালুকটি সচল বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মারাত্মক আহত হয় এবং মৃত্যুবরণ করে। এই মর্মান্তিক পরিণতি ঘটনার ভিডিওগুলোর আবহ পাল্টে দিয়েছে। শুরুতে যেসব ভিডিও অদ্ভুত ও প্রায় অবিশ্বাস্য বন্য প্রাণীর সাক্ষাৎ হিসেবে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল, সেগুলো এখন পরিণত হয়েছে এক করুণ পরিণতির দৃশ্যে।

বিশেষজ্ঞদের মতে, কালো ভালুক মাঝেমধ্যেই বিদ্যুতের খুঁটিতে উঠে। গাড়ি, কুকুর বা মানুষের ভয়ে স্বভাবগতভাবেই তারা গাছের মতো খুঁটিতে চড়ে যায়। কিন্তু খুঁটিতে লুকানোর কোনো জায়গা থাকে না, আর ওপরে থাকে সচল বিদ্যুতের তার। অন্যান্য ক্ষেত্রে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে প্রাণী উদ্ধারের নজির থাকলেও নিউ মেক্সিকোর এই ঘটনায় সাহায্য পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়।