কাতারের সাবেক শাসক শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই শোক প্রকাশ করেন। চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সাবেক আমিরের মৃত্যুসংবাদ তাকে গভীরভাবে মর্মাহত করেছে।

তারেক রহমান তার বার্তায় বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও আমি আপনার রাজপরিবার, সরকার ও কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ তিনি আরও মন্তব্য করেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যাঁর বিজ্ঞ নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ ও বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়েছে। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক অগ্রগতি, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় আরও বলেন, বাংলাদেশ কাতারের সঙ্গে তার ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়, যা পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ ও জনগণের স্থায়ী বন্ধনের মাধ্যমে কয়েক দশক ধরে লালিত হয়ে আসছে। তিনি বলেন, ‘এই শোকের কঠিন সময়ে আমার চিন্তা ও প্রার্থনা আপনার, রাজপরিবারের এবং কাতারের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে রয়েছে।’

শেষে প্রধানমন্ত্রী সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবার ও রাজপরিবারের শোকসন্তপ্ত সদস্যদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা প্রদান করেন।