বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচনের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর বাক্কোর নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে, যার দায়িত্বে রয়েছেন আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। তিনি বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন নেক্সট অনলাইন লিমিটেডের পরিচালক (অপারেশন) হাবিবুল হক এবং টেক পয়েন্ট বিপিওর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল ইসলাম।
এছাড়া, নির্বাচন সংক্রান্ত জটিলতা নিষ্পত্তির জন্য একটি আপিল বোর্ডও গঠন করা হয়েছে। ভেলোসিটা ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান মনিরুল ইসলাম এই আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আপিল বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন এমরাজিনা টেকনোলোজিসের স্বত্বাধিকারী এমরাজিনা ইসলাম এবং এম/এস ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার ফয়সাল আহমেদ।
তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সবশেষে ৩১ অক্টোবর ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন করে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড পূর্ণাঙ্গভাবে কাজ করে যাচ্ছে।




