বিলাসবহুল পর্যটন ও ধনীদের খেলার মাঠ হিসেবে পরিচিত স্পেনের মার্বেইয়া শহর এখন নিজেকে প্রযুক্তি হাবে রূপান্তরের পথে হাঁটছে। এক সময় কুখ্যাত 'ক্রাইম কোস্ট' নামে পরিচিত এই অঞ্চলে এখন কো-ওয়ার্কিং স্পেস ও স্টার্টআপ উদ্যোগ বেড়েই চলেছে। রাস্তায় ফেরারি-ল্যাম্বোর্গিনির পাশাপাশি নতুন করে গড়ে উঠছে কাচের দেয়ালঘেরা মিটিং রুম আর উদ্ভাবনী কর্মপরিবেশ।

গোল্ডেন মাইল নামের উপকূলীয় স্ট্রিপে অবস্থিত ব্যবসায়িক হাব 'দ্য পুল'-এর প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান রাসমুসেন জানান, তারা মার্বেইয়ার পরিচিতি বদলে দিচ্ছেন। বিশুদ্ধ বিনোদন গন্তব্য থেকে এখন এটি একটি গুরুতর পেশাদার কেন্দ্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য তার। সম্প্রতি মেয়রের সাথে চীন সফরে গিয়ে শহরটিকে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে প্রচার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শহরের রিয়েল এস্টেট বাজারেও বিরাট পরিবর্তন এসেছে। আগে যেখানে মধ্যবয়সী ক্রেতারা দ্বিতীয় বাড়ি কিনতেন, এখন তরুণ প্রজন্মের উদ্যোক্তারা সারা বছর বসবাস ও কাজের জন্য আবাসন খুঁজছেন। পিউর লিভিং প্রপার্টিজের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ ও স্ক্যান্ডিনেভিয়ানদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, পোল্যান্ড ও উপসাগরীয় দেশগুলোর ক্রেতাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ড্রুমেলিয়ার প্রধান নির্বাহী আর্তুর লগিনভ বলেছেন, মহামারির পর নতুন বিনিয়োগকারী ও হোটেল এসে শহরের মান বাড়িয়েছে। নিউ ইয়র্ক বা মোনাকোর মানের জিম, রেস্তোরাঁ ও বিশ্বখ্যাত ব্র্যান্ডের দোকান খোলা হয়েছে সম্প্রতি। সেইসঙ্গে বেড়েছে ব্র্যান্ডেড রেসিডেন্সের ধারণা। টেনিস তারকা রাফায়েল নাদাল ও জর্জিও আরমানি মিলে ৩৩টি অতি-বিলাসবহুল ম্যানশন তৈরি করছেন; ডলচে অ্যান্ড গাব্বানা, ফেন্ডি, কার্ল লেগারফেল্ড—সবাই আবাসন প্রকল্পে নাম লিখিয়েছে।

বাসিন্দাদের বয়স কাঠামো তরুণ হওয়ায় পরিকাঠামোতে বড় পরিবর্তন এসেছে। মার্বেইয়ার ইংলিশ ইন্টারন্যাশনাল কলেজের পরিচালক রিচার্ড সাটক্লিফ জানান, গত চার দশকে আন্তর্জাতিক স্কুলের সংখ্যা ১১ থেকে বেড়ে ৫০ ছাড়িয়েছে। শুধু তাই নয়, অতি-ধনী পরিবারগুলো পূর্ণকালীন বসবাস না করলেও আয়া ও চালকের মাধ্যমে সন্তানদের পড়াশোনা চালাচ্ছে।

তবে এই দ্রুত রূপান্তরের খরচও আছে। স্থানীয় বাসিন্দা জুয়ান গেরেরো বলেন, শহরটি আগে ছোট মাছ ধরার গ্রাম আর সবজি বাগানের এলাকা ছিল—এখন পুরোপুরি বদলে গেছে। রাস্তার পর রাস্তা দখল করে নিয়েছে রেস্তোরাঁ আর চেইন দোকান। তিনি তার পুরোনো বাড়ি বিক্রি না করার পক্ষে, বিশেষ করে যখন সাশ্রয়ী আবাসন পাওয়া দুষ্কর হয়ে উঠছে। আইডিয়ালিস্টার তথ্যমতে, গত পাঁচ বছরে আবাসনের গড় মূল্য প্রতি বর্গমিটারে ৭৪ শতাংশ বেড়ে ৫,৬০৮ ইউরো হয়েছে।

এদিকে অপরাধ প্রবণতাও বেড়েছে। রেস্তোরাঁ ও নাইটক্লাবে গুলি, সমুদ্রে মাদক আটকের ঘটনা ঘটছে। ট্যাক্সিচালক আন্তোনিও গার্সিয়া জানান, দিনের বেলা শহর স্বাভাবিক থাকলেও রাতে মাদক ও অপরাধ দৃশ্যমান হয়। পরিবার নিয়ে ছোট কোনো শহরে সরে যাওয়ার পরিকল্পনা তার।

বার্সেলোনার আইইএসই ব্যবসায়িক স্কুলের উদ্যোক্তা কেন্দ্রের নির্বাহী পরিচালক হোসেমারিয়া সিওটা মনে করেন, সফল ইকোসিস্টেমের জন্য শুধু স্টার্টআপ আনাই যথেষ্ট নয়—প্রয়োজন উদ্যোক্তা, বিনিয়োগকারী, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানের মজবুত মিথস্ক্রিয়া। তাঁর মতে, মার্বেইয়া এখনো পূর্ণপরিপক্ক ইকোসিস্টেমে পরিণত হয়নি, তবে সঠিক উপাদান জড়ো করতে শুরু করেছে।

পৌর কর্তৃপক্ষ 'মার্বেলুপ' প্রকল্পের মাধ্যমে বাসিন্দাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শেখাচ্ছে এবং জুন মাসে স্টার্টআপ ওলে ইভেন্টের আয়োজন করেছে। রাসমুসেনের ভাষ্য, প্রথম পর্যায়ে আগত টেক উদ্যোক্তারা এককভাবে কাজ করলেও ধীরে ধীরে তারা স্থানীয় অর্থনীতিতে বড় প্রভাব ফেলবেন। নেদারল্যান্ডসের বব ভ্যান উইন্ডেন, যিনি গুগল ও স্ট্রাইপে কাজ করে সম্প্রতি মার্বেইয়ায় এসেছেন, মনে করেন আই এর উন্নতির কারণে অল্প কর্মী নিয়েও বড় কোম্পানি তৈরি করা এখন সম্ভব। তার মতে, এখানে উদ্যোক্তা, মূলধন ও পরিবেশ—সব মিলিয়ে উদ্ভাবনের একটি চমৎকার ভূমি তৈরি হচ্ছে।